করাচিতে জঙ্গি হামলার দায় ভারতের ঘাড়ে চাপাল পাকিস্তান! পাল্টা ‘ঘর সামলান’ তোপ দিল্লির
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- শনিবার সন্ধ্যায় রক্তাক্ত করাচি। সিন্ধ রেঞ্জার্সের সদর দপ্তরের সামনে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৩ জওয়ান। ঘটনার পরই দায় ভারতের ঘাড়ে চাপাল ইসলামাবাদ। পাল্টা তোপ দেগে নয়াদিল্লির সাফ জবাব, “নিজের ঘরে তাকান, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন”।
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় করাচির সিন্ধ রেঞ্জার্সের সদর দপ্তরের সামনে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। এরপর পরপর ছোট বিস্ফোরণ ও লাগাতার গুলির শব্দে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। পাল্টা গুলি চালায় পাক বাহিনীও। দীর্ঘ গুলির লড়াইয়ের পর খতম হয় ৬ জঙ্গি, নিহত হয়েছেন ৩ রেঞ্জার্স জওয়ান। ঘটনার জেরে পাকিস্তানজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়। হামলার পরই একাধিক পাক সংবাদমাধ্যম এই ঘটনার জন্য ভারতকে দায়ী করে রিপোর্ট প্রকাশ করে, যদিও সরকারিভাবে কে বা কারা হামলা চালাল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। সূত্রের খবর, হামলার পিছনে থাকতে পারে জামাত-উল-আহরার নামে একটি সন্ত্রাসী সংগঠন। ইসলামাবাদের এই অভিযোগ উড়িয়ে রবিবার কড়া বিবৃতি দেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি সাফ জানান, “করাচির ঘটনায় ভারতকে দায়ী করা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা দ্ব্যর্থহীনভাবে তা প্রত্যাখ্যান করছি। পাকিস্তানের অন্যের দিকে আঙুল তোলা বন্ধ করা উচিত। নিজেদের দেশের দিকে তাকানো উচিত। পাক ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী সংগঠনগুলির বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করা উচিত। পাকিস্তানের রাষ্ট্রীয় নীতি সন্ত্রাসবাদের উপর নির্ভর। সেখান থেকে তাদের বেরিয়ে আসা উচিত।”
ভারতের কড়া বার্তার পর আন্তর্জাতিক মহলেও চাপে ইসলামাবাদ। নিজের দেশের জঙ্গি দমন না করে ভারতের ঘাড়ে দোষ চাপানোর পুরনো কৌশলেই ফের হাঁটল পাকিস্তান, মত কূটনৈতিক মহলের।
