BUDGE BUDGE : বজবজে ভাড়া বাড়িতে কলেজ ছাত্রীর মর্মান্তিক পরিণতি, তদন্তে পুলিশ
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- বুধবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার বজবজের নিশ্চিন্তপুরে (BUDGE BUDGE) ভাড়া বাড়ির দরজা ভেঙে উদ্ধার হল এক কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ। মৃত ছাত্রী দীপা পালের মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা দীপা পাল বিবিআইটি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি গত ৬ মাস ধরে জিমস হাসপাতালের বিপরীতে একটি ভাড়া বাড়িতে মায়ের সঙ্গে থাকতেন। (BUDGE BUDGE) বুধবার দুপুর ১২টা নাগাদ বাড়ির মালিক সংকলি বাগ ও প্রতিবেশীরা বারবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন। সেখানেই গলায় ফাঁস লাগানো অবস্থায় দীপার ঝুলন্ত দেহ দেখা যায়।
খবর পেয়ে বজবজ (BUDGE BUDGE) থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে বজবজ খড়িবেড়িয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বাড়ির মালিক জানান, দীপার মা অসুস্থ থাকায় আগের দিন বাড়িতে ছিলেন না। সকাল সাড়ে ১টায় মা ফোন করে মেয়ের খোঁজ নিতে বললে এই ঘটনা সামনে আসে।
পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে, তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
