২০তম বার বিদেশের পার্লামেন্টে মোদী, সেশেলসে দাঁড়িয়ে গড়লেন ইতিহাস
কিউ ইন্ডিয়া বাংলা, সেশেলস:- প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে বিদেশের ২০টি আইনসভায় বক্তৃতার রেকর্ড ছুঁলেন নরেন্দ্র মোদী। রবিবার সেশেলসের ন্যাশনাল অ্যাসেম্বলিতে তিনি মনে করিয়ে দিলেন, ভারত মহাসাগর ৩২০০ কিমি দূরের এই দ্বীপরাষ্ট্রকে ভারতের থেকে আলাদা করেনি। উল্টে দুই দেশের বন্ধুত্বকে আরও গভীর করেছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনে বিশেষ অতিথি হয়ে তিন দিনের সফরে সেশেলসে গিয়েছেন প্রধানমন্ত্রী। রবিবার ‘গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজ়ন’ সম্মানে ভূষিত হন তিনি। প্রেসিডেন্ট প্যাট্রিক হার্মিনি তাঁর হাতে এই সম্মান তুলে দেন। পরে পার্লামেন্টে বক্তৃতার শুরুতেই ১৪০ কোটি ভারতবাসীর শুভেচ্ছা পৌঁছে দেন সেশেলসের জনতার কাছে। বলেন, প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে এখানে ভাষণ দেওয়া তাঁর কাছে বড় প্রাপ্তি। প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, দুই দেশের সম্পর্ক ৫০ বছরের নয়। ১৭৭০ সালের অগস্টে টেলম্যাক জাহাজে করে সেন্ট অ্যান দ্বীপে আসা পাঁচ ভারতীয়ই এই বন্ধুত্বের সূচনা করেছিলেন। উল্লেখ করেন, প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রথম সফরেই তিনি সেশেলসে এসেছিলেন। ১১ বছর পর ফিরে এসে বুঝেছেন, ভারত মহাসাগরীয় পরিকল্পনায় সেশেলসের জায়গা আরও পোক্ত হয়েছে। মোদীর কথায়, মানচিত্রে সেশেলস কয়েকটি দ্বীপ হলেও ভারতের চোখে এর বিস্তার অনেক বড়। ভারত মহাসাগর দুই দেশকে দূরে সরায়নি, বরং কাছে টেনেছে। ২০১৪ সালে ফিজি, অস্ট্রেলিয়া, নেপাল, ভুটানের পার্লামেন্টে বক্তৃতা দিয়ে শুরু। এই ১২ বছরে মার্কিন কংগ্রেসে দুবার, এ বছর ইজরায়েলের পার্লামেন্টেও বলেছেন তিনি। ব্রিটেন, আফগানিস্তান, ইথিয়োপিয়া, নামিবিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, ঘানা, গুয়ানা, মলদ্বীপ, উগান্ডা, মঙ্গোলিয়া, মরিশাস ও শ্রীলঙ্কার আইনসভাতেও বক্তৃতা করেছেন। সেশেলসের পার্লামেন্টে ভাষণ ছিল তাঁর ২০তম। ভারত সরকার জানিয়েছে, এই নজির প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রিত্বের ১২ বছরে আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান মজবুত করেছেন মোদী। সেশেলসের পার্লামেন্টে ২০তম বক্তৃতা সেই কূটনৈতিক সাফল্যেরই প্রতিফলন। ভারত মহাসাগরীয় অঞ্চলে সেশেলস যে ভারতের বিশ্বস্ত বন্ধু, এই সফরে তা আরও একবার প্রমাণ হল।
