আর জি করের ফাইল খুলছে সরকার, ‘সবার নামে কেস হবে’: দিলীপ ঘোষ
কিউ ইন্ডিয়া বাংলা :- বিজেপির সংকল্প পত্রের প্রতিশ্রুতি মেনে ক্ষমতায় এসেই আর জি করের ফাইল খুলছে সরকার। তিন আইপিএসকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। শুক্রবার একাধিক ইস্যুতে তৃণমূলকে নিশানা করে এমনই জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পাশাপাশি হুঁশিয়ারি দিলেন, “এতো বড় বড় দুর্নীতি হয়েছে। সবার নামে কেস হবে, সবাইকে প্যারেড করাবো।”
আর জি কর প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক এবং যেভাবে বিষয়টি চেপে দেওয়া হয়েছে তার প্রতিবাদে মানুষ মোমবাতি হাতে পথে নেমেছে। তিনি জানান, পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে আজীবনের জন্য সাসপেন্ড করা হয়েছে। একইসঙ্গে প্রশ্ন তোলেন, কী এমন রহস্য আছে যে এই ওসিদের সবাই চেনে এবং তারা এত বিখ্যাত। বেআইনি বাড়ি ভাঙা নিয়ে শতরূপ ঘোষের ‘বাংলায় বুলডোজার আটকে দিলাম’ মন্তব্যের জবাবে দিলীপ বলেন, একটি বেআইনি বাড়ি ভাঙা হচ্ছিলো, সেটা স্টে অর্ডার এনে আটকানো হলো। এরপরই SIR প্রসঙ্গ টেনে তাঁর কটাক্ষ, এনারা SIR আটকানোর চেষ্টা করছে এবং দেশকে ৫০ বছর পিছিয়ে দিয়েছে। তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিয়েও সরব হন তিনি। দিলীপের মতে, এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম ২০২১ সালের পর তৈরি হলে এত মানুষকে ঘর ছাড়া হতে হত না। ওনাদের নেতা বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন সবাই ঘরছাড়া। তাঁর দায়ের করা মামলা এখনও চলছে এবং সিবিআই তদন্ত করছে।অ্যাথলিট স্বপ্না বর্মনের বাড়ি জ্বালিয়ে দেওয়ার পোস্ট প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, অসৎ সঙ্গে এসব হয়। উনি একজন অ্যাথলিট, ওনার বুঝে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। চিংড়িঘাটায় মেট্রোর কাজ শুরুর কথা জানিয়ে তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে কাজ শুরু হয়েছে। যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ পুতনা বধ করেছিল, সেভাবেই অনেক কাজ বাকি রয়েছে।রাজাবাজার ইস্যুতে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, শুধরে গেলো রাজাবাজার, মসজিদে নামাজ পড়লো। ওরা যেন ভুলে না হয় যে ভুল সময়ে জন্মেছে এবং ভুলে গেছে সরকারটা পাল্টে গেছে। প্রয়োজনে বুঝিয়ে দেওয়া হবে, পিঠের চামড়া গুটিয়ে দেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR প্রসঙ্গে তাঁর হুঁশিয়ারি, এতো বড় বড় দুর্নীতি হয়েছে, সবার নামে কেস হবে, সবাইকে প্যারেড করাবো।
হাসপাতালে দালালরাজ রুখতে এসএসকেএমে নতুন নিয়মের কথা জানান দিলীপ। এবার থেকে এসএসকেএম হাসপাতালে কারা রোগী, কারা আত্মীয়, প্রত্যেকের হাতে আলাদা আলাদা ব্যান্ড দেওয়া হবে যাতে সহজেই চেনা যায়। সবশেষে প্রেসিডেন্সি জেলে অভিযান নিয়ে তিনি বলেন, জেলের মধ্যে সার্জিকাল স্ট্রাইক চলছে। যেখানে যেখানে ঘুন ধরেছে সেখানে ওষুধ দেওয়া হবে।
ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক পদক্ষেপের কথা জানাচ্ছে বিজেপি সরকার। আর জি করের ফাইল খোলা থেকে হাসপাতালে দালালরাজ রোখা, মেট্রোর কাজ শুরু থেকে জেলে সার্জিকাল স্ট্রাইক— সব ইস্যুতেই কড়া অবস্থান দিলীপ ঘোষের। একইসঙ্গে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, ‘সরকারটা পাল্টে গেছে’।
