Football : প্রাথমিক ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ইস্টবেঙ্গল !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- বিশ্বকাপের বাজারেও উত্তপ্ত কলকাতা ময়দানের দলবদল। মিগুয়েল ও কোচ অস্কারকে হারিয়ে ব্যাকফুটে ইস্টবেঙ্গল। ইমামি সরে যাওয়ায় বাজেট সংকটে লাল-হলুদ শিবির। তবু হাল ছাড়তে নারাজ কর্তারা।
ইমামি হাত গোটানোয় আর্থিক ধাক্কা খেয়েছে ইস্টবেঙ্গল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় ভূমিকা না থাকায় কমেছে টাকার জোগান। এর মধ্যেই মিগুয়েল মোহনবাগানে চলে গেছেন। কোচ অস্কারও অতীত, সঙ্গে কেভিন সিভিল্লেকেও নিয়ে যেতে চাইছেন।
তবে পাল্টা ঘুঁটি সাজাচ্ছে ইস্টবেঙ্গল। গিল, রশিদ, আনোয়ারের সঙ্গে চুক্তি আরও একবছর বাড়ানো হয়েছে। কেভিন সিভিল্লে দীর্ঘমেয়াদী চুক্তি চাইছেন, ক্লাব রাজি। লালচুংনুঙ্গা ম্যাচ টাইমের জন্য অন্য ক্লাবে যেতে চাইলেও যে কোনও মূল্যে তাঁকে রাখতে মরিয়া কর্তারা।
মিগুয়েলের বিকল্প হিসেবে কেরলের দানিস ফারুককে নিচ্ছে ইস্টবেঙ্গল। ক্রেসপোর জায়গায় ভাবা হচ্ছে জামশেদপুরের নিকোলাস টোজানভিককে। পাঞ্জাবের নাইজেরিয়ান স্ট্রাইকার এফিয়ং এনসুজির ব্যাপারেও আগ্রহ রয়েছে। উইং শক্তি বাড়াতে আসছেন বরিস সিং। বিশ্বকাপে খেলা কোনও ছোট দলের ফুটবলারকেও আনার চেষ্টা চলছে।
কোচ নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। হাবাস-সহ একাধিক নাম ঘুরলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সব মিলিয়ে দলবদলের বাজারে উত্তাপ বাড়ছে। কলকাতার দুই প্রধানের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে বাকি ক্লাবগুলো।
