আজকের দিনেখেলাতিলোত্তমাবাংলার আয়নাভারত

Durand Cup : ২৫ জুলাই শুরু ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ, ফাইনাল ২৩ আগস্ট !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের ১৩৫তম সংস্করণ শুরু হচ্ছে আগামী ২৫ জুলাই। চলবে ২৩ আগস্ট পর্যন্ত। এবার ২৪টি দল অংশ নিচ্ছে, যার মধ্যে দু’টি বিদেশি দলও রয়েছে। পাঁচটি শহরের ছয়টি ভেন্যুতে হবে খেলা। প্রথমবার আয়োজক শহর হিসেবে যুক্ত হচ্ছে রাঁচি।

১৮৮৮ সালে শুরু হওয়া ডুরান্ড কাপ বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা। এবার ম্যাচ হবে কলকাতা, রাঁচি, গুয়াহাটি, ইম্ফল ও শিলং-এ। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন ও কিশোর ভারতী ক্রীড়াঙ্গন, রাঁচির বিরসা মুন্ডা স্টেডিয়াম, গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম, ইম্ফলের খুমান লাম্পাক স্টেডিয়াম এবং শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা হবে।

ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড তিন বাহিনীর পক্ষে এই টুর্নামেন্ট আয়োজন করে। দেশের শীর্ষ ক্লাব, সার্ভিসেস দল ও উদীয়মান প্রতিভাদের জন্য এটি গুরুত্বপূর্ণ মঞ্চ। ২০১৯ সালে পূর্ব ভারতে স্থানান্তরের পর ১৬ দল থেকে বেড়ে ২৪ দলের টুর্নামেন্টে পরিণত হয়েছে ডুরান্ড কাপ। গত কয়েকটি সংস্করণে প্রতিবেশী দেশের আর্মি দলও অংশ নিয়েছে।

চ্যাম্পিয়ন দলকে তিনটি ট্রফি দেওয়া হয়—রোলিং ট্রফি ডুরান্ড কাপ ও শিমলা ট্রফি, এবং স্থায়ীভাবে রাখার জন্য প্রেসিডেন্ট’স কাপ। অংশগ্রহণকারী দল, গ্রুপ, ফিক্সচার ও নকআউট সূচি পরে ঘোষণা করা হবে।

এই টুর্নামেন্ট এর গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এফসি। ২৩ আগস্ট ফাইনালের মাধ্যমে শেষ হবে এবারের আসর। ভারতীয় ফুটবলের পথচলায় ডুরান্ড কাপ আজও অনন্য মঞ্চ, যেখানে নতুন প্রতিভারা নিজেদের প্রমাণের সুযোগ পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *