আজকের দিনেবাংলার আয়নাভারত

Sell A Young Man : চাকরির প্রলোভনেই ফাঁদ ! কাশ্মীরে নিয়ে যুবককে বিক্রির চেষ্টার অভিযোগ আলিপুরদুয়ারে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বন্ধ মধু চা বাগান এলাকায় এক যুবককে কাজের প্রলোভন দেখিয়ে জম্মু-কাশ্মীরে নিয়ে গিয়ে বিক্রির চেষ্টা এবং শারীরিক নির্যাতনের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় গারোপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। যুবকের পরিবারের পক্ষ থেকে হাসিমারা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পরিবারের অভিযোগ, গত ৮ জুন মধু চা বাগানের বাসিন্দা বিশাল ওঁরাওকে ভালো কাজের প্রতিশ্রুতি দিয়ে কাশ্মীরে নিয়ে যান সন্দীপ গুরুং নামে এক ব্যক্তি। পরিবারের দাবি, তাদের অজান্তেই বিশালকে নেশা করিয়ে অপহরণ করা হয় এবং পরে কাশ্মীরে নিয়ে গিয়ে তাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করা হয়। কাশ্মীরে পৌঁছে পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে বিশাল সেখান থেকে পালানোর চেষ্টা করে। অভিযোগ, পালানোর চেষ্টা করতেই কয়েকজন ব্যক্তি তাকে নির্মমভাবে মারধর করে। চাবুক ও কাঁটাতার দিয়ে বেধড়ক মারধরের ফলে গুরুতর জখম হয় বিশাল।

দীর্ঘদিন শারীরিক ও মানসিক নির্যাতনের পর অবশেষে গত ২০ জুন কোনো মতে সেখান থেকে পালিয়ে নিজের বাড়িতে ফিরতে সক্ষম হয় বিশাল। বাড়ি ফেরার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে।স্থানীয় বাসিন্দাদের দাবি, কাজের নামে যুবকদের ভিনরাজ্যে নিয়ে গিয়ে প্রতারণা ও মানব পাচারের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *