আমেরিকার মধ্যস্থতায় শান্তি বৈঠকে বসতে চলেছে ইজরায়েল ও লেবানন
কিউ ইন্ডিয়া বাংলা :- ইরান ও আমেরিকার পর এবার শান্তি বৈঠকে বসতে চলেছে ইজরায়েল ও লেবানন । আজ বৃহস্পতিবার এই কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । এই বৈঠকে কারা উপস্থিত থাকবেন তার স্পষ্ট জানা যায়নি । তবে সূত্রের খবর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন থাকতে পারেন ।
সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন ” ইজরায়েল এবং লেবাননের টানাপোড়েন কম করার চেষ্টা করছি। প্রায় ৩৪ বছর পর দুই দেশের নেতারা মুখোমুখি হতে চলেছেন । আগামীকাল এটা হতে চলেছে । দারুন ব্যাপার ।” সেই ১৯৪৮ সাল থেকেই লেবানন এবং ইজরায়েল এর মধ্যে দ্বন্দ্বের পরিবেশ বজায় রয়েছে । এই দুই দেশ নিজেদের মধ্যে প্রথাগত কূটনৈতিক সম্পর্কও রাখে না । আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা জানাচ্ছেন ” ১৯৮৩ সালের লেবানন যুদ্ধের পর এই প্রথম দুই দেশের নেতারা বৈঠকে বসতে চলেছেন । আলোচনার মধ্যস্থতা করবে ওয়াশিংটন । ”
বিগত ২৮ শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানের সঙ্গে আমেরিকা এবং ইজরায়েলের সংঘর্ষে লেবাননও জড়িয়ে পড়ে । লেবানন ইরানের বন্ধু দেশ বলে পরিচিত । তাদের হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠী সংঘর্ষ পরিস্থিতির সময় একাধিকবার ইজরায়েলকে লক্ষ্য করে বোমা বর্ষণ করে । নেতানিয়াহুর দেশ পাল্টা হামলা চালায় লেবাননের রাজধানী বেইরুটকে লক্ষ্য করে । ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষ বিরতি থাকলেও এই দুই দেশের মধ্যে সংঘর্ষ থামেনি। এই আবহে আমেরিকার মধ্যস্থতায় শান্তি বৈঠকে বসতে চলেছে এই দুই দেশ।
