বিহারের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সম্রাট চৌধুরী, উপ মুখ্যমন্ত্রী পদে কারা?
কিউ ইন্ডিয়া বাংলা:- বিহারের রাজনৈতিক ক্ষেত্রে বড় রদবদল। আজ ১৫ এপ্রিল বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সম্রাট চৌধুরী। আজ সকাল ১১টায় লোক ভবনে শপথ গ্রহণ করেন সম্রাট। এর পাশাপাশি, জেডিইউ আর বিজেন্দ্র যাদব এবং বিজয় চৌধুরীও এদিন উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। সম্রাটই বিহারের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হলেন। এর আগে সুশীল মোদী বিজেপির উপমুখ্যমন্ত্রী ছিলেন নীতিশ সরকারে।
বিগত দু’দশকেরও বেশি সময় ধরে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন নীতীশ কুমার। গত ১৬ মার্চ রাজ্যসভার ভোটে জেতার পরে তিনি ১৪ এপ্রিল বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। বিহারের বিজেপি পর্যবেক্ষক শিবরাজ সিং চৌহান এর উপস্থিতিতে এনডিএ-র পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিতে সম্রাট চৌধুরীকে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়। হাই প্রোফাইল এই বৈঠকে উপস্থিত ছিলেন নীতীশ কুমার । গতকাল ১৪ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় লোকভবনে গিয়ে নতুন সরকার গঠনের আবেদন জানান সম্রাট। রাজ্যপাল সেই আবেদন গ্রহণও করেন। এদিন সম্রাট চৌধুরীর পাশাপাশি বিজেন্দ্র প্রসাদ যাদব এবং বিজয়কুমার চৌধুরীও ডেপুটি মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন। প্রসঙ্গত, বিহারে এই প্রথম জেডিইউ-র দুই সদস্য উপ মুখ্যমন্ত্রী হতে চলেছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, বিনোদ তাউড়ে-সহ আরও অনেকেই এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নীতিশ কুমারের আমলে সর্বশেষ সরকারে সম্রাট চৌধুরী উপ মুখ্যমন্ত্রী ছিলেন । ৫৭ বছর বয়সী সম্রাট ওবিসি সম্প্রদায়ের অন্তর্গত , ওবিসিদের খুশি করতে বিজেপির এই চাল মনে করছে রাজনৈতিক মহল । তার রাজনৈতিক জীবনের সূচনা হয় লালু প্রসাদ যাদবের দল আরজেডির হাত ধরে । ১৯৯০ থেকে ২০১৪ পর্যন্ত তিনি এই দলে ছিলেন , তারপর ২০১৪ তে আরজেডি ছেড়ে তিনি জেডিইউতে যোগ দেন । ২০১৭ তে তিনি যোগ দেন বিজেপিতে । সম্রাট চৌধুরী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনিষ্ঠ বলে পরিচিত । তার হাত ধরে বিহারের রাজনীতিতে বিজেপির নতুন যুগের সূচনা হল ।
