নববর্ষেই নামবে ঝেঁপে বৃষ্টি, জানাল আবহাওয়া দপ্তর
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ ইতিমধ্যেই গরমে হাঁসফাঁস অবস্থা।ঘেমেনেয়ে নাজেহাল অবস্থা।পারদ চড়ছে ক্রমশ।তার মাঝেই খুশীর খবর শোনাল আবহাওয়া দপ্তর। আজ, বুধবার পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে । শুধু আজই নয়, কালও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছেন তাঁরা। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।
জানা গিয়েছে, ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অসম থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত উত্তর-দক্ষিণ অক্ষরেখার ওপর দিয়ে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যার প্রভাবে বুধবার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়।বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, এবং মুর্শিদাবাদে। ঝড় বৃষ্টির ফলে যে স্বস্তি মিলবে এমনটা কিন্তু নয়। তাপমাত্রা বাড়বে, বজায় থাকবে অস্বস্তিকর পরিস্থিতিও। এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে খবর। কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা পেরোতে পারে ৪০ ডিগ্রি তে।
হাওয়া অফিস সূত্রের খবর, উপরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আগামী ৪৮ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে মালদহ ও দুই দিনাজপুরে। আজ, বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কমবে। তাপমাত্রা সামান্য বাড়বে। তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলার পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ দুই-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে দুই ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে।
