সব কথা সঙ্গীকে বলা কি বোকামি? সুস্থ সম্পর্কের চাবিকাঠি লুকিয়ে কোন গোপনীতায়, কী বলছেন বিশেষজ্ঞরা?
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- একটি সুস্থ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের মূল ভিত্তি হলো পারস্পরিক ভালোবাসা, সম্মান এবং সবচেয়ে বড় কথা—একে অপরের প্রতি গভীর বিশ্বাস। বিশ্বাস ছাড়া কোনও প্রেম বা বৈবাহিক সম্পর্কই টিকিয়ে রাখা সম্ভব নয়। তবে সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করেন, সম্পর্কে পরস্পরের প্রতি স্বচ্ছ থাকা যেমন জরুরি, তেমনই মানসিক স্বাস্থ্য ভালো রাখতে এবং অযথা ঝঞ্ঝাট এড়াতে প্রতিটি মানুষের জীবনে কিছুটা ব্যক্তিগত পরিসর বা ‘হেলদি বাউন্ডারিজ’ থাকাও অত্যন্ত প্রয়োজন।
সঙ্গীর বিশ্বস্ততা অর্জন করার অর্থ এই নয় যে জীবনের প্রতিটি ছোটখাটো বিষয় তাঁর সামনে মেলে ধরতে হবে। বিশেষজ্ঞদের মতে, এমন কিছু বিষয় রয়েছে যা জীবনসঙ্গীকে জানানোর আগে অবশ্যই ভাবা উচিত যে আদৌ তা বলার কোনও প্রয়োজন আছে কি না।
সঙ্গীর থেকে কোন বিষয়গুলি আলাদা রাখাই ভালো
-
প্রাক্তনের অপ্রয়োজনীয় খুঁটিনাটি: অতীতে আপনার জীবনে কেউ ছিল কি না, তা বর্তমান সঙ্গীকে অবশ্যই জানানো উচিত। তবে প্রাক্তনের সঙ্গে কাটানো মুহূর্তের সমস্ত খুঁটিনাটি বা চুলচেরা বিশ্লেষণ না করাই ভালো। এতে সঙ্গীর মনে হীনম্মন্যতা তৈরি হতে পারে বা তাঁর মনে হতে পারে আপনি এখনও অতীতকে ভুলতে পারেননি। ফলে সম্পর্কে অকারণ ভুল বোঝাবুঝি ও বিবাদ বাড়ে।
-
ব্যক্তিগত ডায়েরি বা নোটের রোজনামচা: অনেকেরই ডায়েরি লেখার অভ্যাস থাকে, যেখানে প্রতিদিনের ভালো-মন্দের পাশাপাশি অন্য মানুষদের নিয়ে মনের নানা দোলাচল বা ক্ষোভের কথা লেখা থাকে। এই ডায়েরি বা নোটগুলি সঙ্গীর হাতে না পড়াই মঙ্গল। কারণ সাময়িক ক্ষোভ থেকে লেখা কোনও কথা পড়লে আপনার প্রতি সঙ্গীর ধারণা বদলে যেতে পারে বা তিনি আঘাত পেতে পারেন।
-
পাসওয়ার্ড ও ব্যক্তিগত অ্যাকাউন্টের অ্যাক্সেস: অনেকেই ভালোবাসার গভীরতা প্রমাণ করতে গিয়ে নিজের সোশ্যাল মিডিয়া বা ব্যক্তিগত ইমেইলের পাসওয়ার্ড সঙ্গীকে দিয়ে দেন। বিশেষজ্ঞরা একে বড় ভুল বলে মনে করেন। ভবিষ্যতে কোনও কারণে সম্পর্কে তিক্ততা বা বড় ঝগড়া হলে, সঙ্গী চাইলেই এই ক্ষমতার অপপ্রয়োগ করতে পারেন, যা আপনার ব্যক্তিগত সুরক্ষাকে বিঘ্নিত করবে।
-
নিজস্ব শখ বা হবি: আপনার কোনো শখ বা ভালো লাগার বিষয় সঙ্গীর কাছে অত্যন্ত তুচ্ছ বা অদ্ভুত মনে হতেই পারে। তাই যে জিনিসে আপনি কেবল নিজেকে সময় দিতে ভালোবাসেন, তা একান্ত প্রয়োজন না হলে নিজের মতো রাখাই শ্রেয়।
কোন কথাগুলি সঙ্গীর কাছে ভুলেও লুকাবেন না?
ব্যক্তিগত পরিসর রক্ষা করা আর তথ্য গোপন করার মধ্যে কিন্তু সূক্ষ্ম তফাৎ রয়েছে। একসাথে পথ চলতে গেলে কিছু বিষয়ে একশো শতাংশ স্বচ্ছতা বজায় রাখা বাধ্যতামূলক:
-
আর্থিক অস্বচ্ছলতা বা সংকটের কথা: আপনার আর্থিক অবস্থা কেমন বা আপনি কোনও ঋণের জালে জড়িয়ে পড়েছেন কি না, তা সঙ্গীকে স্পষ্ট জানান।
-
ভুল সিদ্ধান্ত: আবেগের বশে করা এমন কোনও ভুল কাজ, যা আগামী দিনে সম্পর্কটিকে ভাঙনের মুখে দাঁড় করিয়ে দিতে পারে।
-
চাকরি ছাড়ার সিদ্ধান্ত: পেশাগত জীবনে বড় কোনও পরিবর্তন বা হুট করে চাকরি ছাড়ার মতো সিদ্ধান্ত সঙ্গীকে আগেভাগেই জানানো উচিত।
-
জীবনকে প্রভাবিত করার মতো সিদ্ধান্ত: এমন কোনও বড় সিদ্ধান্ত যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনার সঙ্গীর জীবনকেও প্রভাবিত করতে পারে, তা কখনোই গোপন করবেন না।
সব মিলিয়ে, দু’জন মানুষের সম্পর্ক যতই মধুর হোক না কেন, তাতে সামান্য হলেও একটা সীমারেখা থাকা দরকার। এটি দু’পক্ষের মানসিক শান্তি বজায় রাখতে এবং সম্পর্কের বাঁধন আরও মজবুত করতে সাহায্য করে।
