আজকের দিনেবাংলার আয়না

‘পুলিশে হাত দিলে রেয়াত নয়’ – ফলতার ‘পুষ্পা’গ্যাংকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, ফলতা :- মঙ্গলবার ফলতায় ‘পুষ্পা’ বাহিনীর তাণ্ডব ও পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার ঘটনায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২৪ ঘণ্টার মধ্যেই ফলতার জনকল্যাণ শিবির থেকে তিনি স্পষ্ট জানান, সিসিটিভি ফুটেজে ধরা পড়া প্রত্যেক হামলাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে পুলিশের উপর আক্রমণের সাহস কেউ না পায়।

বুধবার ফলতায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এখানে গুণ্ডামি, জঙ্গিপনা, জমিলুট করতে দেব না। যত বড় মাফিয়া, ডন হোক না কেন, সবক শেখাবে রাজ্য সরকার।” মঙ্গলবারের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি জানান, কার্শিয়াংয়ে থাকাকালীন টিভিতে দেখেন মাফিয়া জাহাঙ্গির খানের স্ত্রীর নেতৃত্বে কিছু লোক পুলিশ ও প্যারা মিলিটারির উপর হামলা চালাতে যায়। এসপিকে নির্দেশ দিয়ে তিনি বলেন, “ভিডিওতে যতগুলোকে দেখা গেছে, কেউ যেন বাড়িতে না থাকে। তাদের আইনের আওতায় আনতে হবে।”

পুলিশ মন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী আরও বলেন, “ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী রাষ্ট্রবিরোধী কার্যকলাপের ধারায় এমন শিক্ষা দিতে হবে, যাতে কোনওদিন পুলিশ-বাহিনীকে আক্রমণ করার সাহস না পায়।” হামলাকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ফলতায় ‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গির খানকে ছাড়াতে তাঁর স্ত্রীর নেতৃত্বে থানায় হামলার পরিকল্পনা হয়। শতল কলসায় এলাকায় বিক্ষোভের পর জাহাঙ্গিরের অনুগামীরা থানার দিকে এগোলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। বিক্ষোভকারীরা পুকুরে ঝাঁপ দিয়ে পালায়। ঘটনার দু’টি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। ইতিমধ্যেই জাহাঙ্গিরের স্ত্রী-সহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাধারণ মানুষকে আইন হাতে তুলে না নেওয়ার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, যারা সমাজবিরোধী কার্যকলাপে যুক্ত থেকে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে, ডবল ইঞ্জিন সরকারের আমলে তাদের কাউকে রেয়াত করা হবে না। ফলতার ঘটনায় প্রশাসনের কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *