রাঁচিতে আরএসএস অফিস লক্ষ্য করে পেট্রোল বোমা, সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি
কিউ ইন্ডিয়া বাংলা- রাঁচিতে আরএসএস-এর অফিস লক্ষ্য করে বোমা! বুধবার সকালে অফিসের সামনে বোমা ফেলাকে কেন্দ্র করে চরম উত্তেজনা। এদিন সকালে দুইজন অজ্ঞাতপরিচয় লোক বাইকে করে আসে, আরএসএস-এর দফতরে সামনে পেট্রল বোমা মারে। পুলিশ সূত্রে খবর, দুজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী আরএসএস-অফিসের সামনে পেট্রোল বোমা ছোঁড়ে। তবে পাঁচিলে ধাক্কা লাগার আগেই বোতল দুটি পড়ে যায়। এর ক্ষতিগ্রস্ত হয়েছে আরএসএস-এর অফিসের বেশ কিছু অংশ। পুলিশ জানিয়েছে, এই দুজন দুষ্কৃতীর খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
রাঁচি সিটি পুলিশ সুপার পারস রানা বলেন, এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে, দুষ্কৃতীদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে, এই ঘটনায় দুজন যুবক জড়িত ছিল। বিষয়টি তদন্তের জন্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল) ইউনিটসহ একাধিক দলকে মোতায়েন করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে দুজনকে পেট্রোল বোমা ছুঁড়তে দেখা গেছে। প্রথম বোতলটি ছোড়ার সময় জ্বলন্ত সলতেটি মাটিতে পড়ে যাওয়ায় পেট্রোল বোমাটি নষ্ট হয়ে যায়। এরপর দ্বিতীয় একটি পেট্রোল বোমা ছোড়া হলেও সেটিও নষ্ট হয়ে যায়। পেট্রোল বোমার জন্য বিকল্প হিসেবে চিলি সসের বোতল ব্যবহার করা হয়েছিল। পরিস্থিতি খতিয়ে দেখতে আরএসএস কার্যালয়ে পৌঁছান প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ, বিজেপি নেতা বাবুলাল মারান্ডি এবং বিজেপির আরও কয়েকজন বিধায়ক ও দলীয় কর্মী। বিজেপি নেতারা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা পুরো বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্ত এবং অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। বিরোধী দলনেতা বাবুলাল মারান্ডি বলেছেন, বিষয়টি জেলা প্রশাসনের নজরে আনা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
প্রতিরক্ষা বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ ঘটনাটিকে অত্যন্ত গুরুতর বলে অভিহিত করেছেন। তিনি বলেন, হামলা সফল হলে, অফিসের কর্মকর্তারা বিস্ফোরণের কবলে পড়তে পারতেন। তিনি জানান, এই বিষয়ে তিনি ডিজিপি-র (DGP) সঙ্গে কথা বলেছেন, ঘটনাটির দ্রুত সমাধানের লক্ষ্যে পুঙ্খানুপুঙ্খ তদন্তের ওপর জোর দিয়েছেন।
