উচ্চমাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ স্থানে ইন্দাসের কৃতি ছাত্র শুভদীপ, উচ্ছ্বসিত নন্দীপাড়া
কিউ ইন্ডিয়া বাংলা ,নিজস্ব প্রতিনিধি:- উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় ষষ্ঠ স্থান দখল করে বাঁকুড়া জেলার মুখ উজ্জ্বল করল ইন্দাসের নন্দীপাড়ার মেধাবী ছাত্র শুভদীপ অধিকারী। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে এবারের পরীক্ষায় বসে সে মোট ৪৯১ নম্বর পেয়ে এই ঈর্ষণীয় সাফল্য পেয়েছে।
ঘরের ছেলের এই সাফল্যের খবরে আনন্দের জোয়ার ইন্দাসের নন্দীপাড়া এলাকায়। বাড়িতে শুভেচ্ছা জানাতে ভিড় করছেন আত্মীয়-পরিজন থেকে প্রতিবেশীরা। মিষ্টিমুখ, ফুলের তোড়া আর আশীর্বাদে ভরে উঠছে ওই ছাত্রের বাড়ি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি অসীম আগ্রহ ছিল শুভদীপের। মোবাইল বা টিভিতে সময় নষ্ট না করে নিয়ম করে রুটিন মেনে পড়াশোনা করত সে। স্কুলের পাশাপাশি বাড়িতেও চলত কঠোর অনুশীলন। রাত জেগে প্রস্তুতি, নোট তৈরি আর বারবার রিভিশন— এই রুটিনেই সাফল্য ধরা দিয়েছে বলে মনে করছে পরিবার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে বিষয় শিক্ষকরাও ওই ছাত্রের সাফল্যে উচ্ছ্বসিত। তাঁদের মতে, শুধু মেধা নয়, বিনয়ী স্বভাব আর শিক্ষকদের প্রতি শ্রদ্ধাই শুভদীপকে বাকিদের থেকে আলাদা করেছে। ক্লাসে কোনও বিষয় বুঝতে অসুবিধা হলে বারবার প্রশ্ন করে স্পষ্ট করে নিত সে। পাশাপাশি সহপাঠীদের সাহায্য করতেও পিছপা হত না। ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে গবেষণা করার ইচ্ছা রয়েছে শুভদীপের। জেলা স্কুল পরিদর্শক দপ্তর থেকেও ওই পড়ুয়াকে সংবর্ধনা দেওয়ার কথা ভাবা হচ্ছে।
নন্দীপাড়ার এই কৃতি ছাত্র শুভদীপের সাফল্যে গর্বিত গোটা বাঁকুড়া জেলা। গ্রামীণ এলাকা থেকে উঠে এসে রাজ্য স্তরে এমন ফলাফল জেলার অসংখ্য পড়ুয়ার কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। শিক্ষকমহলের আশা, ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে শুভদীপ শুধু জেলা নয়, রাজ্যের নামও দেশের বুকে উজ্জ্বল করবে।
