Pakistani Terrorist : জইশ নিশানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু ! বর্ধমানে বেঙ্গল এসটিএফের জালে পাক জঙ্গি !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে জইশ-ই-মহম্মদ জঙ্গি সন্দেহে হামিদ মণ্ডলকে গ্রেপ্তার করল বেঙ্গল এসটিএফের এটিএস। অভিযোগ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হামলার ছক কষছিল ধৃত। তার কাছ থেকে মুখ্যমন্ত্রীর সফরসূচির খুঁটিনাটি বিবরণ উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার বর্ধমানের রেনেসাঁ হাউসিংয়ের জিম থেকে হামিদ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফ। ধৃত হাওড়ার পিলখানার বাসিন্দা। পেশায় গেঞ্জি কারখানার কর্মী। প্রায় ২ মাস আগে বর্ধমানে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করে সে।
তদন্তকারীদের দাবি, হামিদ জইশ-ই-মহম্মদের সদস্য এবং কাশ্মীরের সাজ্জাদ ভাট গোষ্ঠীর ঘনিষ্ঠ। সূত্রের খবর, পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে এসেছে সে এবং আইএসআই হ্যান্ডলার হিসেবে কাজ করত।
গ্রেপ্তারের সময় হামিদের কাছ থেকে উদ্ধার হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরসূচির বিস্তারিত তথ্য। কোথায় যাবেন, গাড়ি কোথায় পার্ক হবে, কখন গাড়িতে উঠবেন, পরবর্তী কর্মসূচি কী — সব খুঁটিনাটি ছিল তার কাছে। শুধু মুখ্যমন্ত্রীই নন, আরও একাধিক ভিআইপির সফরসূচিও উদ্ধার হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের পুলওয়ামা হামলায় ব্যবহৃত গাড়িটি সাজ্জাদ ভাটের ছিল। ২০১৯ সালের জুনে এনকাউন্টারে তার মৃত্যু হয়। সেই গোষ্ঠীর সঙ্গেই যোগ ছিল হামিদের।
আজ শুক্রবার ধৃতকে আদালতে পেশ করা হবে। কে বা কারা এই ষড়যন্ত্রের পিছনে রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে এসটিএফ। নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোন মন্তব্য করতে চাননি । তার বক্তব্য এটি জাতীয় নিরাপত্তার বিষয় এ বিষয়ে আমি কিছু বলবো না তবে আগামীকাল এসটিএফ সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে তথ্য পেশ করবে ।
বর্ধমানে জইশ জঙ্গি গ্রেপ্তারের ঘটনায় রাজ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী এবং অন্যান্য ভিআইপিদের নিরাপত্তা আরও কড়া করা হয়েছে। এসটিএফ জানিয়েছে, তদন্তের স্বার্থে আরও তথ্য প্রকাশ করা হবে।
