শিলিগুড়িতে লক্ষাধিক টাকা-সোনা চুরি, ধৃত কুখ্যাত ‘ক্ষ্যাপা’
কিউ ইন্ডিয়া বাংলা ,নিজস্ব প্রতিনিধি :- রাতের অন্ধকারে শিলিগুড়ির শীতলাপাড়ায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। বাড়ি থেকে লক্ষাধিক নগদ টাকা ও প্রায় ৯ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে কুখ্যাত দুষ্কৃতী দীপক দাস ওরফে ‘ক্ষ্যাপা’কে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ। তবে এখনও চুরি যাওয়া টাকা-গয়না উদ্ধার হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিলিগুড়ি পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের শীতলাপাড়ার বাসিন্দা চন্দন সাহা গত ২০ এপ্রিল ব্যাংক থেকে বেশ কিছু টাকা তুলে বাড়িতে রাখেন। পরিবারের দাবি, কাউকে পেমেন্ট করার উদ্দেশ্যেই সেই টাকা ঘরে রাখা ছিল। অভিযোগ, বিষয়টি কোনওভাবে টের পেয়ে যায় চোরেরা। এরপর গভীর রাতে পরিবারের সকলের ঘুমের সুযোগ নিয়ে বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। ঘর থেকে নগদ লক্ষাধিক টাকা এবং প্রায় ৯ ভরি সোনার গয়না নিয়ে পালিয়ে যায় তারা। ঘটনার পরেই এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক চন্দন সাহা। অভিযোগ পেয়ে তদন্তে নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। আশেপাশের একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। শেষে গত ১০ মে, রবিবার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় কুখ্যাত দুষ্কৃতী দীপক দাস ওরফে ‘ক্ষ্যাপা’কে। পুলিশ সূত্রে খবর, জেরায় অভিযুক্ত চুরির কথা স্বীকার করেছে। তবে এখনও পর্যন্ত ধৃতের কাছ থেকে চুরি যাওয়া নগদ টাকা বা সোনার গয়না উদ্ধার করা যায়নি।
তদন্তের স্বার্থে অভিযুক্তকে সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে। এনজেপি থানার পুলিশ ধৃতের পাঁচ দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানাবে। চুরি যাওয়া টাকা-গয়না উদ্ধার এবং এই চক্রে আরও কেউ জড়িত কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। রাতের অন্ধকারে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কে এলাকাবাসী।
