প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের সময়সূচি
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর। প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের সম্পূর্ণ সময়সূচি। আগামী সেপ্টেম্বর মাসে, অর্থাৎ দুর্গাপূজার ঠিক এক মাস আগে শুরু হতে চলেছে এই পরীক্ষা। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানানো হয়েছে। সংসদের অফিসিয়াল ওয়েবসাইটেই পরীক্ষার্থীরা বিস্তারিত রুটিন দেখতে পাবেন।
কবে থেকে শুরু পরীক্ষা?
সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। পরীক্ষা প্রক্রিয়া চলবে ৭ অক্টোবর পর্যন্ত।
পরীক্ষার সময়সীমা ও নম্বর বিভাজন:
সংসদ সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিকের এই তৃতীয় সেমিস্টারটি পুরোটাই এমসিকিউ বা বহু বিকল্পভিত্তিক প্রশ্নের ওপর ভিত্তি করে নেওয়া হবে। ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে ছাত্রছাত্রীদের।
-
সাধারণ বিষয়: এই পরীক্ষাগুলি হবে মোট দেড় ঘণ্টার। পরীক্ষা শুরু হবে সকাল ১১টা থেকে, চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত।
-
বিশেষ বিষয়: ভিজুয়াল আর্টস, মিউজিক, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এবং অন্যান্য ভোকেশনাল বিষয়ের পরীক্ষা হবে মাত্র ১ ঘণ্টার। সকাল ১১টা থেকে শুরু হয়ে এই পরীক্ষা শেষ হবে বেলা ১২টায়।
প্রথম ও শেষ দিনে কী কী পরীক্ষা?
-
২১ সেপ্টেম্বর (প্রথম দিন): প্রথম ভাষার পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে সেমেস্টার। এদিন বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু এবং পাঞ্জাবি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
-
৭ অক্টোবর (শেষ দিন): পরীক্ষার শেষ দিনে রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন ।
এক নজরে বিগত সেমিস্টারের ফলাফল:
উল্লেখ্য, চলতি বছরের গত ১৪ মে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের ফলাফল প্রকাশ করা হয়েছিল। সংসদীয় রেকর্ড অনুযায়ী:
-
মোট রেজিস্ট্রেশন করেছিলেন: ৬,৩৫,৯৩১ জন পরীক্ষার্থী।
-
পরীক্ষায় বসেছিলেন: ৬,২৬,২৫৮ জন।
-
সফলভাবে উত্তীর্ণ হয়েছেন: ৫,৭১,৩৫৫ জন।
-
সামগ্রিক পাসের হার ছিল: ৯১.২৩ শতাংশ।
সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সেমেস্টার পদ্ধতির এই পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন করা যায়, তার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরীক্ষার্থীরা সংসদের নিজস্ব ওয়েবসাইট থেকে সরাসরি পরীক্ষার এই অফিশিয়াল রুটিনটি ডাউনলোড করে নিতে পারবেন।
