হরমুজ প্রণালী খুলে দিল ইরান, বিশ্বজুড়ে স্বস্তি
কিউ ইন্ডিয়া বাংলা :- অবশেষে বড় স্বস্তি গোটা বিশ্বের জন্য। বিগত ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ থেকে ইরানের সঙ্গে ইসরায়েল ও আমেরিকার সামরিক সংঘাতের কারণে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। অবশেষে তা সমস্ত দেশের বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল ইরান। বিশ্বের অন্যতম জ্বালানি সরবরাহকারী পথ এই হরমুজ, এটি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । এই আবহে আগামীকাল ফের পাকিস্তানের ইসলামাবাদের মাটিতে ইরান ও আমেরিকার দ্বিতীয় দফার শান্তি বৈঠকের সম্ভাবনা বাড়ছে ।
বিগত বৃহস্পতিবার ১৬ ই এপ্রিল লেবানন ও ইজরায়েলের মধ্যে দশদিনের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট তার একদিন পরেই বড় ঘোষণা করা হলো তেহরানের পক্ষ থেকে । গতকাল ১৭ ই এপ্রিল তেহরানের পক্ষ থেকে জানানো হয় যতদিন ইজরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ বিরতি চলবে সেই দিনগুলিতে হরমুজ প্রণালী সমস্ত দেশের বাণিজ্যিক জাহাজের জন্য খোলা থাকবে । ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই ঘোষণা করেন। তিনি লেখেন, “লেবানন ও ইজরায়েলের যুদ্ধবিরতির কথা মাথায় রেখে, যুদ্ধবিরতি চলায় যে বাকি দিনগুলো এখনও বাকি আছে, সেই সময়ের জন্য হরমুজ প্রণালী সকল বাণিজ্যিক জাহাজের চলাচলের জন্য খুলে দেওয়ার ঘোষণা করা হল। ইসলামিক রিপাবলিক অফ ইরানের বন্দর এবং সামুদ্রিক সংস্থা সেই চলাচলের পথের কথা ঘোষণা করেছে।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদেশমন্ত্রীর এই ঘোষণার পরিপ্রেক্ষিতে তাঁর এক্স হ্যান্ডেলে লিখে জানান, ”ইরান এই মুহূর্তে ঘোষণা করল যে, হরমুজ় প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হয়েছে। এবার জাহাজ পারাপার করতে পারবে। ধন্যবাদ।”
