ব্যান কালচারের হোতা! স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিতে মুখ খুললেন লকেট চ্যাটার্জি
কিউ ইন্ডিয়া বাংলা:- টলিউড ফেডারেশনের প্রাক্তন কর্তা স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারির পর তীব্র প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেত্রী তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। লক্ষ লক্ষ টাকা তোলাবাজি, শ্লীলতাহানি ও অস্ত্র আইনে গ্রেপ্তার হওয়া স্বরূপকে ‘ব্যান কালচারের হোতা’ বলে কটাক্ষ করেন তিনি। একইসঙ্গে স্টুডিওপাড়ায় সমালোচনার ঝড় উঠেছে।
বৃহস্পতিবার রাতে পুলিশের জালে ওঠেন স্বরূপ বিশ্বাস। ফেডারেশনের সদস্য এক মেকআপ আর্টিস্টকে কাজ না দেওয়া ও তোলাবাজির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার আলিপুর আদালতে পেশ করার পরেই বিষয়টি নিয়ে মুখ খোলেন লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, “স্বরূপের বিরুদ্ধে অভিযোগ তো নতুন নয়। বারো বছর আগে আমি সাংবাদিক বৈঠক করে সবটা সামনে এনেছিলাম। স্বরূপ বিশ্বাস ও অরূপ বিশ্বাস দু’জনে মিলে ইন্ড্রাস্ট্রিকে বরবাদ করেছেন, শেষ করে দিয়েছেন।” লকেটের আরও অভিযোগ, “স্বরূপ একা নন, তাঁকে ঘিরে ছিলেন বহু প্রভাবশালী ব্যক্তি। যাঁরা সর্বদা স্বরূপের ভুল সিদ্ধান্তে সায় দিয়ে গিয়েছেন। স্টুডিওপাড়ার যে প্রভাবশালীদের জন্য বহু টেকনিশিয়ান, শিল্পীদের কাজ চলে গিয়েছে, তাঁদেরও শাস্তি হওয়া উচিত।” স্বরূপের গ্রেপ্তারির পর ক্ষোভ উগরে দেন শিবপুরের বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষও। তাঁর দাবি, “ফেডারেশনের মাথায় বসে দিনের পর দিন দুর্নীতি চালিয়ে গেছেন স্বরূপ। ২০২১ সালে মুখ খুলেছিলাম বলে আমাকে ব্যান করা হয়েছিল। টেকনিশিয়ানদের চাপ দিয়ে আমার বিরুদ্ধে মিছিল করানো হয়েছিল। পেটের ভাত জোগাতে অনেক টেকনিশিয়ান মুখ বুজে অত্যাচার সহ্য করে গেছে। ধর্মের কল বাতাসে নড়ে, এই দিনটা দেখার অপেক্ষায় ছিলাম।” দীর্ঘদিন ধরেই ইন্ড্রাস্ট্রির একাংশ শিল্পী, কলাকুশলী, টেকনিশিয়ানদের অভিযোগ ছিল স্বরূপের বিরুদ্ধে। ফেডারেশনের মাথায় বসে ক্ষমতার অপব্যবহার, গোষ্ঠীতন্ত্র এবং শিল্পীদের ব্যান করার কালচার স্বরূপদের হাত ধরেই টলিপাড়ায় মাথাচাড়া দিয়েছিল বলে অভিযোগ।
স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারির পর নতুন করে সামনে আসতে শুরু করেছে একাধিক অভিযোগ। লকেট চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষের মতো নেতা-অভিনেতারা সরাসরি দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন। ‘দিনের পর দিন বুক চিতিয়ে দুর্নীতি করার ফল ভুগতে তো হবেই’— স্টুডিওপাড়ার এই মন্তব্যেই স্পষ্ট, স্বরূপের গ্রেপ্তারিকে টলিউডের ‘শুদ্ধিকরণ’ হিসেবেই দেখছেন অনেকে। এখন দেখার, তদন্ত কতদূর গড়ায় এবং আর কারা জালে জড়ান।
