আজকের দিনেভারত

তামিলনাড়ুর বিজেপিতে বড় ধাক্কা, দল ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি আন্নামালাই

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- তামিলনাড়ুর রাজনীতিতে জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি আন্নামালাই। যদিও শুক্রবার তিনি নিজেই সমাজমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করার কথা জানিয়েছিলেন, তার আগেই বিজেপির কেন্দ্রীয় নেতারা তাঁর পদত্যাগ গ্রহণের ঘোষণা করে দেয়।দলের তরফে প্রকাশিত এক চিঠিতে জানানো হয়েছে যে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন আন্নামালাইয়ের পাঠানো ইস্তফাপত্র গ্রহণ করেছেন। এর ফলে আনুষ্ঠানিকভাবে বিজেপির সঙ্গে তাঁর দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের ইতি ঘটল।

গত কয়েক মাস ধরেই আন্নামালাইকে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছিল। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে তাঁকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে নায়নার নগেন্দ্রকে দায়িত্ব দেওয়া হয়। সেই সময় থেকেই দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে শুরু করেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত।

নির্বাচনে বিজেপির প্রত্যাশিত ফল না হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ভোটের পর আন্নামালাইয়ের বিভিন্ন মন্তব্য এবং রাজনৈতিক অবস্থান নিয়ে দলের ভিতরে ও বাইরে আলোচনা শুরু হয়। এরপর থেকেই তাঁর দলত্যাগের সম্ভাবনা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরেও জল্পনা থামেনি। তবে শেষ পর্যন্ত বিজেপির সঙ্গে পথচলা শেষ করার সিদ্ধান্তই নেন প্রাক্তন আইপিএস কর্মকর্তা আন্নামালাই।

এখন রাজনৈতিক মহলের নজর তাঁর পরবর্তী পদক্ষেপের দিকে। তিনি কি নতুন রাজনৈতিক দল গঠন করবেন, নাকি অন্য কোনও রাজনৈতিক মঞ্চে নিজের ভূমিকা নির্ধারণ করবেন, তা নিয়ে কৌতূহল বাড়ছে। তামিলনাড়ুর রাজনীতিতে গত কয়েক বছরে আন্নামালাই একটি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। তাঁর দলত্যাগ বিজেপির জন্য যেমন একটি বড় ধাক্কা, তেমনই রাজ্যের রাজনৈতিক সমীকরণেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার বিষয়, বিজেপির বাইরে তাঁর নতুন রাজনৈতিক যাত্রা কোন পথে এগোয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *