আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : ঘরের মাঠে রাজস্থানকে হারালো দিল্লি , অ্যাডভান্টেজ কেকেআর !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস কে হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। ১৯৪ রানের লক্ষ্যমাত্রা পরিকল্পিত ব্যাটিং করে তুলে দিলেন দিল্লির বাটাররা। ওপেনারদের দুর্দান্ত শুরু এবং শেষে অধিনায়ক অক্ষর প্যাটেলের ফিনিশিং এই দুই যুগলবন্দিতে রিয়ান পরাগদের হারাতে সক্ষম হল দিল্লি । এই জয়ের ফলে সুবিধা পেল কেকেআর। বাকি দুটি ম্যাচ রাহানেরা জিতলে প্লে অফ পর্বে যোগ্যতা অর্জন করার রাস্তা তাদের বেশি সুনিশ্চিত হল।

দিল্লির বিপক্ষে আজ রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করতে নামে । ওপেনার যশস্বী জয়সওয়াল ৯ বলে ১২ রান করে আউট হয়ে যান । ২১ বলে ৪৬ রান করেন বৈভব সূর্যবংশী । দলের উইকেট রক্ষক ব্যাটার ধ্রুব জুরেল এর ব্যাট থেকে আসে ৪০ বলে ৫৩ রানের ইনিংস। এদিন ব্যাট হাতে ভালো ইনিংস খেলেন রাজস্থান অধিনায়ক। ২৬ বলে ৫১ রান করে আউট হন রিয়ান পরাগ । এরপর একমাত্র দাশূন সানাকা ১০ রান করেন । বাকিদের মধ্যে কেউ দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে রাজস্থান রয়্যালস। দিল্লির হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন মিচেল স্টার্ক ।

১৯৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দারুন শুরু করেন দিল্লির দুই ওপেনার। ৩১ বলে ৫১ রান করে আউট হন অভিষেক পোড়েল । এই সিজনে বাংলার ব্যাটারের এটি প্রথম অর্ধশতরান । অভিষেকের পাশাপাশি হাফ সেঞ্চুরি করেন কে এল রাহুল । ৮ বলে ৯ রান করেন সাহিল পারেখ। ৪২ বলে ৫৬ রানে আউট হয়ে যান রাহুল।
ব্যাট হাতে এদিনের ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হন ট্রিস্টান স্টাবস ও ডেভিড মিলার । দক্ষিণ আফ্রিকার এই দুই ব্যাটার যথাক্রমে ৪ এবং ৯ রান করেন । অধিনায়ক অক্ষর প্যাটেল এর ১৮ বলে ৩৪ রানের ইনিংস ও আশুতোষ শর্মার ৪ বলে ১২ দিল্লিকে চার বল বাকি থাকতে ম্যাচ জিতিয়ে দেয়।

ঘরের মাঠে ৫ উইকেটের ব্যবধানে রাজস্থানের বিপক্ষে জয়লাভ করে দিল্লি ক্যাপিটালস। দিল্লির পরবর্তী ম্যাচ আগামী ২৪শে মে ইডেনে কলকাতার বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *