আজকের দিনেবিশ্বভারত

বাঙালি কায়দায় বরণে মুগ্ধ মোদি, সুইডেনে পেলেন সর্বোচ্চ সম্মান ভারতের প্রধানমন্ত্রী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- সুইডেন সফরে গিয়ে ফের বাঙালিয়ানার ছোঁয়া। সেই সেই আপ্যায়নে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রবাসী বাঙালিদের বরণডালা-উলুধ্বনির অভ্যর্থনায় মুগ্ধ হয়ে এক্স হ্যান্ডেলে বাংলায় লিখলেন, “বাঙালি কায়দায় বরণ পেতেই থাকবেন।” এদিনই সুইডেনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘রয়্যাল অর্ডার অফ পোলার স্টার’-এ সম্মানিত হলেন তিনি।

রবিবার গোথেনবার্গের বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। এরপর হোটেলে পৌঁছতেই মোদিকে পিতলের বরণডালা দিয়ে বরণ করেন প্রবাসী বাঙালিরা। চলে উলুধ্বনিও। এমন অভ্যর্থনা পেয়ে এক্স হ্যান্ডেলে বাংলায় মোদি লেখেন, “সারা বিশ্বেই বাঙালি সংস্কৃতি অত্যন্ত জনপ্রিয়। সুইডেনও এর ব্যতিক্রম নয়। প্রধানমন্ত্রী ক্রিস্টারসনের উপস্থিতিতে, গৌরবোজ্জ্বল বাঙালি সংস্কৃতির এক অনবদ্য নমুনা প্রদর্শিত হয়েছে।”

রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা কাকতালীয় নয়। বাংলায় বিজেপির সাম্প্রতিক জয়ের পরেই ইউরোপ সফরে বারবার উঠে আসছে বাঙালিয়ানা। এর আগে নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতাতেও পশ্চিমবঙ্গের ভোটপ্রচারে মোদির ঝালমুড়ি খাওয়ার প্রসঙ্গ উঠেছিল। বিদেশের মাটিতে বাঙালি সংস্কৃতিকে এভাবে গুরুত্ব দেওয়া এবং বাংলায় বার্তা দেওয়ার পিছনে ২০২৬-এর বিধানসভা ভোটের অঙ্কও দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তাঁদের মতে, প্রবাসী বাঙালিদের মাধ্যমে দেশে ও রাজ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে চাইছেন প্রধানমন্ত্রী।
একই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের দিক থেকেও এই সফর গুরুত্বপূর্ণ। সুইডেন ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রভাবশালী দেশ। প্রতিরক্ষা, সবুজ প্রযুক্তি ও বিনিয়োগে তাদের সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত করাই মোদির লক্ষ্য। ‘রয়্যাল অর্ডার অফ পোলার স্টার’ সম্মান সেই বন্ধুত্বেরই প্রতীক। সাধারণত রাষ্ট্রপ্রধানদেরই এই সম্মান দেওয়া হয়। এটি মোদির ৩১তম আন্তর্জাতিক সম্মান।

চলতি সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা-সহ একাধিক বিষয়ে সুইডেনের প্রধানমন্ত্রী ক্রিস্টারসনের সঙ্গে বৈঠক করেন মোদি। বাঙালি অভ্যর্থনা ও সর্বোচ্চ সম্মান—দুইয়ের মিশেলে সুইডেন সফর মোদির জন্য কূটনৈতিক ও রাজনৈতিক, দু’দিক থেকেই তাৎপর্যপূর্ণ হয়ে রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *