দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ছিন্ন করে ম্যান সিটি ছাড়ছেন গুয়ার্দিওলা
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- FIFA বিশ্বকাপ শুরুর ২৪ দিন আগে বড় ধাক্কা। ১০ বছর পর ম্যানচেস্টার সিটি ছাড়ছেন পেপ গুয়ার্দিওলা। চলতি মরশুমের শেষেই ক্লাব ছাড়বেন তিনি। রবিবার অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ম্যাচই সিটির ডাগআউটে পেপের শেষ দিন। তাঁর জায়গায় দায়িত্ব নিতে পারেন চেলসির প্রাক্তন কোচ এনজ়ো মারেসকা।
প্রসঙ্গত, ২০১৬ সালে ম্যান সিটির দায়িত্ব নিয়েছিলেন গুয়ার্দিওলা। এই ১০ বছরে ক্লাবকে জিতিয়েছেন ২০টি ট্রফি। ৬টি প্রিমিয়ার লিগ, ৫টি লিগ কাপ, ৩টি করে এফএ কাপ ও কমিউনিটি শিল্ড, একটি করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ এবং FIFA ক্লাব বিশ্বকাপ আছে তাঁর ঝুলিতে। ২০১৭-১৮ মরশুমে প্রথম ক্লাব হিসেবে প্রিমিয়ার লিগে ১০০ পয়েন্ট তোলে সিটি। ২০২২-২৩ মরশুমে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ত্রিমুকুট জেতে তারা। ২০২৪ সালের নভেম্বরে ২০২৭ পর্যন্ত নতুন চুক্তি করলেও গত কয়েক মাস ধরে ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। সোমবার রাতেই প্লেয়ারদের নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন পেপ। সোমবারই রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে জোসে মৌরিনহোর নামও সামনে এসেছে। বিশ্বকাপের আগে ইউরোপের ক্লাব ফুটবলে এই পালাবদল নতুন আলোচনার জন্ম দিল।
এক দশকের সোনালি অধ্যায় শেষ হচ্ছে রবিবার। গুয়ার্দিওলা-পরবর্তী যুগে ম্যান সিটি কেমন খেলে, সেটাই এখন দেখার। মারেসকা দায়িত্ব নিলে পেপের শূন্যস্থান কতটা পূরণ করতে পারেন, তার উত্তর দেবে সময়।
