কেকেআর ম্যাচের আগে বড় ধাক্কা, ছিটকে গেলেন মুম্বইয়ের দুই তারকা
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা:- আইপিএল ২০২৬-এ প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে বুধবার কেকেআরের বিরুদ্ধে ম্যাচে পল্টনরাই হয়ে উঠতে পারে নিয়ন্ত্রক। সেই ম্যাচের আগেই জোড়া ধাক্কা খেল মুম্বই। চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন কুইন্টন ডিকক ও রাজ অঙ্গদ বাওয়া।
মুম্বাই ইন্ডিয়ান্স বলিউড থেকে জানা গেছে, ডিককের বাম কব্জির টেন্ডনে চোট রয়েছে। অপরদিকে, বাওয়ার ডান হাতের বুড়ো আঙুলের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কুইন্টন এবং রাজ বাওয়া, উভয়েই নিজেদের বাড়িতে রিহ্যাব চালাবেন। মুম্বই ইন্ডিয়ান্সের মেডিক্যাল দল ওঁদের সমর্থন ও সহায়তা করবে, যাতে ওরা দ্রুতই মাঠে ফিরতে পারেন। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে ওঁদের দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে এবং দল আইপিএলের নিয়মবিধি মেনে যত দ্রুত সম্ভব ওঁদের পরিবর্ত ক্রিকেটারের নাম জানিয়ে দেবে।’ দুই ম্যাচ বাকি থাকতে এখনও পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করেনি পল্টনরা। চলতি মরশুমে বারবার চোট-আঘাতের সমস্যায় ভুগেছে মুম্বই। রোহিত শর্মা একাধিক ম্যাচ খেলতে পারেননি। অধিনায়ক হার্দিক পাণ্ড্য ও সূর্যকুমার যাদবও ম্যাচ মিস করেছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন ডিকক ও বাওয়া। আপাত অর্থে কালকের ম্যাচটি পল্টনদের জন্য নিয়মরক্ষার। তবে কেকেআরের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচের ফলাফলের উপরেই কেকেআরের প্লে-অফ ভাগ্য নির্ভর করছে।
প্লে-অফের আশা না থাকলেও কেকেআরের পথ কঠিন করতে পারে মুম্বই। কিন্তু তার আগেই দুই তারকাকে হারিয়ে চাপে পল্টনরা। এবার দেখার, কেকেআর নিজেদের কামব্যাকের সফর ধরে রাখতে পারে নাকি মুম্বই জলে ঢেলে দেয় নাইটদের প্লে-অফ স্বপ্ন।
