ফল ঘোষণার দিন ফলতায় থাকবেন মুখ্যমন্ত্রী, জয়ের মালা পরাবেন নিজে
কিউ ইন্ডিয়া বাংলা, দক্ষিণ ২৪ পরগনা :- ‘চরৈবেতি, চরৈবেতি, চরৈবেতি।’ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই এগিয়ে চলার বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। প্রথম দশদিনে একগুচ্ছ প্রশাসনিক সিদ্ধান্তের পর এবার রাজনীতির মাঠেও সেই মন্ত্রই স্পষ্ট করলেন তিনি। ফলতায় পুনর্নির্বাচনের ফল ঘোষণার দিন নিজে হাজির থেকে বিজেপি প্রার্থীকে জয়ের মালা পরাবেন বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার ঠা-ঠা রোদে হুডখোলা জিপে চেপে ফলতার রাস্তায় রোড শো করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের নির্দেশে আগামী ২১ মে ফলতায় পুনর্নির্বাচন। দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সদ্য ক্ষমতায় এসেছে বিজেপি। ফলতার ফলাফল যাই হোক, সরকারের ভিত নড়বে না। তবুও রাজনীতির পরিসরে কোনও ঢিলেমি দিতে নারাজ শুভেন্দু। বিধানসভা ভোটের আগে যে তৎপরতায় রাজ্য চষে বেড়িয়েছেন, একই জোশে এ দিন ফলতায় শেষ দিনের প্রচার সারলেন তিনি। হাঁসফাঁস গরমে দলীয় প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে বনেশ্বরপুর থেকে ফলতা বাস স্ট্যান্ড পর্যন্ত রোড শো করেন। তার আগে স্থানীয় এক শিবমন্দিরে পুজোও দেন। রাস্তার দু’ধারে উপচে পড়া ভিড়, পুষ্পবৃষ্টিতে স্বাগত জানানো হয় নতুন মুখ্যমন্ত্রীকে। শুভেন্দুও গাড়ি থেকে ফুল ছোড়েন, হাত মেলান জনতার সঙ্গে। রোড শো শেষে ২০২১-এর ভোট পরবর্তী সন্ত্রাসে নিহত বিজেপি কর্মী স্বপন মণ্ডলের বাড়িতে গিয়ে তাঁর ছবিতে মালা দেন। শুভেন্দু জানেন, ২০৭ আসনে জেতার পরে মাত্র একটি কেন্দ্রের ভোট নিয়ে কর্মীদের মধ্যে গা-ছাড়া মনোভাব আসতে পারে। তাই বারবার বললেন, ‘আত্মতুষ্টিতে ভুগবেন না। ফলতায় আমাদের এক লাখেরও বেশি ভোটে জিততে হবে।’ ২০২৪-এর লোকসভা ভোটে এই ফলতা থেকে দেড় লাখেরও বেশি ভোটে লিড পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে কেন্দ্রটির তাৎপর্য বিজেপির কাছে আলাদা। তাই এ দিন স্থানীয় কর্মীদের কাছে ‘শুভেন্দুদা’ হয়েই ধরা দিলেন মুখ্যমন্ত্রী।
রোড শো শেষে দলীয় কর্মীদের উদ্দেশে বড় ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। বলেন, ‘ফল ঘোষণার দিন আবার ফলতায় আসব আমি। গণনাকেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জয়ের সার্টিফিকেট নিয়ে বেরনোর পরে তাঁকে প্রথম মালাটা আমি-ই পরাব।’ প্রশাসনিক দায়িত্ব সামলেও যে তিনি ভোটের মাঠ ছাড়ছেন না, ফল ঘোষণার দিন নিজে হাজির থাকার প্রতিশ্রুতি দিয়ে সেই বার্তাই স্পষ্ট করলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী।
