আজকের দিনেখেলাবিশ্ব

FIFA Worldcup 2026 : ফিলাডেলফিয়ায় বজ্র-বৃষ্টি উপেক্ষা করে ইরাককে উড়িয়ে দিল ফ্রান্স, এমবাপের জোড়া গোলে নকআউটে ‘লে ব্লুজ’ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ফিলাডেলফিয়ায় ফ্রান্সের সামনে প্রতিপক্ষ ছিল দু’জন — ইরাক ও বজ্রগর্ভ বৃষ্টি। কিন্তু দিদিয়ের দেশঁর দলকে আটকাতে পারল না কেউই। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩-০ গোলে ইরাককে হারিয়ে গ্রুপ ‘আই’ থেকে প্রথম দল হিসাবে নকআউট নিশ্চিত করল ফ্রান্স। শততম ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপে ১৬ গোলের মাইলফলকে পৌঁছে গেলেন কিলিয়ান এমবাপে।

সমীকরণ সহজ ছিল — জিতলেই পরের পর্ব। শুরু থেকেই আগ্রাসী ফ্রান্স। ১৪ মিনিটে ওলিসের সঙ্গে ওয়ান-টু খেলে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে দেন এমবাপে। ইরাক পাল্টা চেষ্টা করলেও আলি আল হামাদির হেড লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও ফ্রান্সের ৭টি শটের মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ১টি।

বিরতির পরেই নামে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত। নিয়ম মেনে ৮ মাইলের মধ্যে বজ্রপাত হওয়ায় খেলা বন্ধ রাখতে হয়। দর্শকদের সরিয়ে নেওয়া হয় কনকোর্স এলাকায়। প্রায় ২ ঘণ্টা ১৫ মিনিট পর ফের শুরু হয় দ্বিতীয়ার্ধ।

বৃষ্টি থামতেই আরও ধারাল ফ্রান্স। ৫৪ মিনিটে ইরাক গোলকিপার ফাহদিলের ভুলে বল পেয়ে যান দেম্বেলে। ফাঁকায় দাঁড়ানো এমবাপেকে পাস বাড়াতেই সহজ গোল। ৬৬ মিনিটে ওলিসের থ্রু থেকে স্কোরশিটে নাম তোলেন দেম্বেলে। শেষ পর্যন্ত ৩-০।

শততম আন্তর্জাতিক ম্যাচে জোড়া গোল করে গার্ড মুলার ও রোনাল্ডো নাজিরিওকে টপকে বিশ্বকাপে ১৬ গোলের মালিক হলেন এমবাপে। ছুঁলেন মিরোস্লাভ ক্লোজেকে। সামনে কেবল লিওনেল মেসি — ১৮ গোল। দেশের হয়ে এমবাপের মোট গোল দাঁড়াল ৬০।

চার ঘণ্টার ম্যারাথন লড়াই শেষে ফ্রান্স বুঝিয়ে দিল, প্রতিপক্ষ ইরাক হোক বা প্রকৃতির তাণ্ডব — থামানো যাবে না ‘লে ব্লুজ’দের। টানা দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে নকআউটের টিকিট কাটল দেশঁর দল। আর ফিলাডেলফিয়ার রাত রাঙিয়ে দিলেন এমবাপে, ইতিহাসের পাতায় আরও এক ধাপ এগিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *