আজকের দিনেবিশ্বরাজনীতি

Trump-Netanyahu : ‘ট্রাম্পের কথায় চলবে না ইজ়রায়েল!’ মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ নেতানিয়াহুর, বন্ধুত্বে ফাটল ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- আমেরিকার আপত্তি উড়িয়েই লেবাননে হিজ়বুল্লার বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে ইজ়রায়েল। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তিনি যা বলবেন ইজ়রায়েল তা-ই করবে। রবিবার সেই দাবি সরাসরি খারিজ করে দিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। স্পষ্ট জানালেন, ‘ট্রাম্পের কথায় চলবে না ইজ়রায়েল’। ফলে ওয়াশিংটন-তেল আভিভ সম্পর্ক এবং আমেরিকা-ইরান শান্তিচুক্তি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হল।

বিগত শুক্রবার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমাকে ওরা খুবই সম্মান করে। আমি যেমন বলব, ওরা তেমনটাই করবে।” তাঁর আশা ছিল, লেবাননে হামলা বন্ধ করবে ইজ়রায়েল। কারণ আমেরিকা-ইরান শান্তিচুক্তির শর্তেই লেবাননে সংঘাত থামানোর কথা রয়েছে। ওয়াশিংটন জানিয়েছিল, শুক্রবার বিকেল ৪টা থেকে ইজ়রায়েল-হিজ়বুল্লা যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

কিন্তু বাস্তবে উল্টো ছবি। রবিবার ট্রাম্পের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে নেতানিয়াহু বলেন, “আমেরিকায় বলা হয় আমি যা বলি, প্রেসিডেন্ট তা-ই করেন। আবার ইজ়রায়েলে বলা হয় উনি যা চান, আমি তা-ই করি। এর কোনওটাই সত্য নয়।” তিনি যোগ করেন, দু’জনেই স্বাধীন দেশের নেতা এবং উভয়েরই উভয়ের সার্বভৌমত্বকে সম্মান জানানো উচিত।

যুদ্ধবিরতি ঘোষণার পরেও শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে ইজ়রায়েলি সেনা। লেবাননের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, আরব সালিম, দেইর ও নাবাতিয়েহ এলাকায় গোলাবর্ষণ ও ড্রোন হামলায় অন্তত পাঁচ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এর প্রথম সারির এক সংবাদমাধ্যম গোয়েন্দা রিপোর্ট উদ্ধৃত করে জানিয়েছে, যুদ্ধবিরতি সত্ত্বেও আপাতত লেবাননে হামলা চালিয়ে যাবে তেল আভিভ। ইরান সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার বিরুদ্ধে অভিযান বন্ধ করতে নারাজ নেতানিয়াহু সরকার।

নেতানিয়াহুর এই অবস্থান স্পষ্ট করে দিল, মিত্ররাষ্ট্র হলেও সামরিক সিদ্ধান্তে আমেরিকার নির্দেশ মানবে না ইজ়রায়েল। এর ফলে ট্রাম্প-নেতানিয়াহু ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েন বাড়ার পাশাপাশি আমেরিকা-ইরান শান্তি সমঝোতাও অনিশ্চয়তার মুখে পড়ল। লেবানন সংকট ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা করছেন কূটনীতিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *