আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Trinamool : ‘আসল’ তৃণমূলে যোগ দিতেই ফিরহাদ-অরূপদের শোকজ কালীঘাটের, মমতার চেয়ারে টান !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা :- ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল’ তৃণমূলে নাম লেখাতেই বড় পদক্ষেপ কালীঘাটের। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খান-সহ একগুচ্ছ নেতাকে শোকজ করল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। সোমবার নিউটাউনে ‘আসল’ তৃণমূলের সাংবাদিক বৈঠকের পরই এই সিদ্ধান্ত।

সোমবার বিকেলে নিউটাউনের পাঁচতারা হোটেলে বিশেষ অধিবেশন করে ‘আসল’ তৃণমূল। নেতৃত্বে ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। হাজির ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কাউন্সিলররা। ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পুত্র তথা কলকাতার ৮৬ নং ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসুও।

ওই বৈঠকেই ঘোষণা হয় নতুন জাতীয় কর্মসমিতির। সেখানে চেয়ারম্যান করা হয়েছে মমতার স্নেহধন্য অরূপ রায়কে। কমিটিতে রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খান, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, স্নেহাশিস চক্রবর্তী, সাবিনা ইয়াসমিন-সহ অন্যান্যরা।

এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই কালীঘাট তৃণমূলের তরফে তাঁদের শোকজ করা হয়। তৃণমূলের অন্দরের খবর, ঋতব্রত শিবিরে যারা রয়েছেন সেই সব নেতাকেই শোকজের নোটিস পাঠানো হয়েছে।

উল্লেখ্য, দলে বিদ্রোহের পর পুরনো সব কমিটি ভেঙে নতুন করে শৃঙ্খলারক্ষা কমিটি গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই কমিটিই বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নিল।

এতদিন মমতার ছায়াসঙ্গী ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা। জাভেদ খানও দলের গুরুত্বপূর্ণ মুখ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কিছুদিন আগেই রাজনীতি থেকে অবসরের কথা বলেছিলেন। এখন তাঁরা সকলেই ঋতব্রতের ‘আসল’ তৃণমূলে। আগামী দিনে আরও নতুন নাম যুক্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ঋতব্রত।

‘আসল’ তৃণমূলে মমতার ঘনিষ্ঠদের যোগদান এবং পাল্টা কালীঘাটের শোকজ — এই দুই ঘটনায় দলের অন্দরের ফাটল আরও চওড়া হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা বড় চ্যালেঞ্জ বলেই মনে করছে রাজনৈতিক মহল। শেষ পর্যন্ত কালীঘাটে দলনেত্রীর পাশে কারা থাকেন, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *