রাজ্যের একাধিক বুথে জায়গায় ইভিএম বিভ্রাট! কী বললেন সিইও মনোজ আগরওয়াল ?
কিউ ইন্ডিয়া বাংলা:-রাজ্যে প্রথম দফার ভোট শুরু হওয়ার পর থেকেই একাধিক পোলিং স্টেশনে ইভিএমে যান্ত্রিক ত্রুটির অভিযোগ পাওয়া গেছে। ভোটাররা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন । এ বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বললেন, ‘হ্যাঁ, খবর এসেছে। সব ঠিক হয়ে যাবে।’
আজ ২৩ শে এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টার কিছু সময় আগে সিইও দপ্তরে পৌঁছন মনোজ। তখন তিনি সাংবাদিকদের মুখোমুখি হন । মালদা জেলার মোথাবাড়িতে ইভিএম খারাপ হওয়ায় ভোটগ্রহণ শুরুই করা যায়নি বলে যে অভিযোগ উঠেছে, তার প্রেক্ষিতে মনোজ আগরওয়াল বলেন, ‘কমিশনের প্রতিনিধি কড়া পদক্ষেপ করছেন।’ অনেক জায়গায় ইভিএমের পাশাপাশি সিসি ক্যামেরা খারাপ থাকারও অভিযোগ উঠেছে। তা নিয়ে রাজ্যের সিইও বলেন, ‘সেটা ঠিক হয়ে যাবে।’
এছাড়া প্রায় দেড় ঘণ্টা কেটে যাওয়ার পর এখনও ভোটগ্রহণ শুরু করা যায়নি, এই অভিযোগে দফায় দফায় উত্তেজনা হয়েছে মোথাবাড়িতে। জানা গিয়েছে, সেখানকার একটি বুথে ইভিএম সমস্যার কারণে শুরু হয়নি ভোট গ্রহণ। এর পরেই সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভও দেখান ভোট দিতে আসা ভোটাররা।
মুর্শিদাবাদ জেলার নওদায় অশান্তির খবর পাওয়া গিয়েছে । সেই বিষয়ে রিপোর্ট তলব করেছেন রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল।
