চাকদহে আয়কর হানা ব্যবসায়ীর বাড়িতে
কিউ ইন্ডিয়া বাংলা :- বৃহস্পতিবার ভোরে নদিয়ার চাকদহে চাঞ্চল্যকর আয়কর অভিযান। প্লাইউড ব্যবসায়ী টোটন দত্তের বাড়িতে হানা দেয় আয়কর দপ্তর। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।
এদিন সকালে চাকদহ শহরের ৭ নম্বর ওয়ার্ডের ২ নম্বর দুর্গানগর এলাকায় পৌঁছন আয়কর দপ্তরের চারজন আধিকারিক। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর চারজন জওয়ান। প্রথমে ব্যবসায়ী টোটন দত্তের বাড়ি ঘিরে ফেলা হয়। এরপর শুরু হয় তল্লাশি অভিযান।
জানা গিয়েছে, টোটন দত্ত দীর্ঘদিনের প্লাইউড ব্যবসায়ী। এলাকায় তাঁর একাধিক দোকান ও কারখানা রয়েছে। স্থানীয়দের মতে, ব্যবসায়ী হিসাবে তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে এলাকায়। তবে ঠিক কী অভিযোগে এই তল্লাশি, তা এখনও স্পষ্ট নয়।
সূত্রের খবর, বাড়ির পাশাপাশি তাঁর বিভিন্ন ব্যবসায়িক কারখানাতেও তল্লাশি চালানো হয়। আয়কর আধিকারিকরা টোটন দত্তকে সঙ্গে নিয়েই বিভিন্ন জায়গায় খতিয়ে দেখেন নথিপত্র ও আর্থিক লেনদেনের তথ্য।
এই অভিযান ঘিরে প্রশ্ন উঠেছে, কোনও আর্থিক অনিয়ম বা কর ফাঁকির অভিযোগেই কি এই হানা? যদিও সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি।
ভোরবেলায় হঠাৎ করে কেন্দ্রীয় বাহিনী-সহ আয়কর দপ্তরের উপস্থিতি দেখে চমকে যান স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
