আজকের দিনেবাংলার আয়না

হাওড়ায় প্রোমোটার খুনে গ্রেপ্তার ৩, পলাতক মূল অভিযুক্ত হারুন-রোহিত

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- হাওড়ার গোলবাড়ির পিলখানা এলাকায় প্রোমোটার শফিক খান খুনের ঘটনায় বুধবার গভীর রাতে তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় খুন, ২৩৮(এ)/৩(৫) ধারায় তথ্যপ্রমাণ লোপাট ও মূল অভিযুক্তদের পালাতে সাহায্য করার অভিযোগে মামলা রুজু হয়েছে। পাশাপাশি আগ্নেয়াস্ত্র আইনের ধারাতেও তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তবে এই ঘটনার মূল দুই অভিযুক্ত হারুন ও রোহিত এখনও পলাতক। তাঁদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতদের জেরা করে তদন্তকারীরা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা করছেন।

অন্যদিকে, খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিক ময়ূখ ঠাকুর চক্রবর্তী। মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে একই উদ্দেশ্যে জড়ো হওয়া, আঘাত করা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

খুনের ঘটনায় হাওড়ার তৃণমূল নেতা গৌতম চৌধুরীর সঙ্গে অভিযুক্তদের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে। একটি রাজনৈতিক মিছিলে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে বলে দাবি করছে একাধিক সূত্র। যদিও ওই তৃণমূল নেতার দাবি, হারুন তাঁর ঘনিষ্ঠ নন।

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার সকালে হাওড়ায় ভরা রাস্তায় গুলি করে খুন করা হয় শফিক খানকে। অভিযোগ, হারুন ও রোহিত নামে দুই দুষ্কৃতী কাছ থেকে গুলি চালায়। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত জোরকদমে চলছে এবং পলাতকদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *