আজকের দিনেবাংলার আয়না

NIA-Shawkat : বোমা বিস্ফোরণ কাণ্ড: NIA-র দিনভর তল্লাশি, বেপাত্তা শওকত মোল্লা, ৮ জুন হাজিরার নোটিস !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা: – ভাঙড়ের বামুনিয়ায় বোমা বিস্ফোরণ মামলায় বৃহস্পতিবার দিনভর প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়ি-সহ একাধিক ঠিকানায় তল্লাশি চালাল NIA। কিন্তু খোঁজ মিলল না শওকতের। শেষ পর্যন্ত ৮ জুন নিউটাউনের NIA অফিসে হাজিরার জন্য নোটিস ধরানো হয়েছে তাঁর পরিবারের হাতে।

ভাঙড়ের বামুনিয়ায় বোমা বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যুর ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার বড়সড় অভিযান চালায় NIA। এ দিন শওকত মোল্লার ছেলেকে সঙ্গে নিয়ে মৌখালির বিভিন্ন এলাকায় তল্লাশি চালান তদন্তকারীরা। বারুইপুরে শওকতের একটি ডেরাতেও অভিযান হয়। সূত্রের খবর, শওকতের ছেলে ইমরান মোল্লাকে আটক করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

প্রথমে ইমরানের একটি ক্যাফেতে যান NIA অফিসাররা। পরে সোনারপুরে গেলেও সেখানে শওকতকে পাওয়া যায়নি। এরপর বারুইপুরের একটি ঠিকানায় যান তাঁরা। উত্তর কাশীপুর এলাকায় শওকতের ঘনিষ্ঠ বলে পরিচিত ‘লাল্টু’র বাড়ি থেকে একটি সিসিটিভি ও হার্ডডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, কিছু সময়ের জন্য ওই বাড়িতেই আত্মগোপন করেছিলেন শওকত মোল্লা।

উল্লেখ্য, বামুনিয়ার বিস্ফোরণের ঘটনার তদন্তভার নেয় NIA। ওই মামলায় ইতিমধ্যেই তৃণমূল নেতা ওয়াহিদুল ইসলাম-সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্ফোরণে ব্যবহৃত গাড়ির চালকের ভাইকেও গ্রেপ্তার করেছে NIA। একাধিক সূত্র ধরে তদন্ত এগোচ্ছে সংস্থা।

বোমা বিস্ফোরণ মামলায় NIA-র জালে একের পর এক তৃণমূল নেতা। এবার নিশানায় প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। দিনভর তল্লাশিতেও হদিস না মেলায় ৮ জুন হাজিরার নোটিস দেওয়া হল। ছেলেকে আটক ও ঘনিষ্ঠের বাড়ি থেকে হার্ডডিস্ক উদ্ধারের পর শওকতের গ্রেপ্তারি শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *