CPIM : ‘শূন্য’ ভাঙতেই নির্বাচনী কৌশল বদল বামেদের !
কিউ ইন্ডিয়া বাংলা :-বিধানসভায় ফের ‘শূন্য’-র কলঙ্ক মুছতে ২০২৬ সালের নির্বাচনের দিকে তাকিয়ে কৌশল বদলাচ্ছে সিপিএম। সব আসনে সমান ভাবে লড়াইয়ে না নেমে, এবার সমীক্ষা করে বেছে নেওয়া কিছু নির্দিষ্ট আসনেই জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট।
দলীয় সূত্রে জানা গিয়েছে, জেলা ধরে অভ্যন্তরীণ সমীক্ষা চালিয়ে রাজ্যের আসনগুলিকে তিন ভাগে ভাগ করা হয়েছে ‘প্রবল সম্ভাবনাময়’, ‘সম্ভাবনাময়’ এবং ‘লড়াকু’। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে যেখানে বামেরা উল্লেখযোগ্য ভোট পেয়েছিল, যেমন ডোমকল, যাদবপুর, ভগবানগোলা, জলঙ্গি— সেই আসনগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি বালি, উত্তরপাড়া, কামারহাটি, দমদম উত্তরের মতো এলাকাতেও এখন থেকেই জনসংযোগ ও সাংগঠনিক কাজ জোরদার করা হচ্ছে।
প্রার্থী বাছাইয়েও এবার চমক দিতে চাইছে সিপিএম। মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীর মতো অভিজ্ঞ নেতাদের পাশাপাশি মীনাক্ষী মুখার্জী, দীপ্সিতা ধর, সৃজন ভট্টাচার্য, শতরূপ ঘোষ, সায়ন বন্দ্যোপাধ্যায়ের মতো যুব নেতাদের জয়ের সম্ভাবনা বেশি এমন আসনে প্রার্থী করার ভাবনা রয়েছে।
কংগ্রেস বা আইএসএফের সঙ্গে জোট নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আপাতত নিজেদের প্রার্থী নির্বাচন ও সংগঠন শক্তিশালী করার দিকেই বেশি নজর দিচ্ছে বামেরা।
এ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, মানুষ এখন তৃণমূল ও বিজেপি— দু’দলকেই অপছন্দ করছে। বিধানসভায় ফের লাল পতাকা ওড়াতে এই বাছাই করা লড়াইয়ের কৌশল কতটা সফল হয়, সেটাই এখন দেখার।
