আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নাসিলেবাস থেকে

WBCS : প্রতিশ্রুতি রেখে জট কাটাল নতুন সরকার, ১৪ জুন ডব্লিউবিসিএস পরীক্ষা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ক্ষমতায় এলে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। বাংলায় পালাবদলের পর সেই কথা রাখল নতুন সরকার। দু’বছরের জটিলতা কাটিয়ে অবশেষে ডব্লিউবিসিএস পরীক্ষার দিন ঘোষণা করল পাবলিক সার্ভিস কমিশন। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, আগামী ১৪ জুন রাজ্যজুড়ে অনুষ্ঠিত হবে ডব্লিউবিসিএস পরীক্ষা।

২০২৪ সালে বিজ্ঞপ্তি জারি হলেও একাধিক প্রশাসনিক জটিলতায় আটকে ছিল পরীক্ষা। নতুন সরকার দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই সেই জটিলতা কেটে গেল। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা-সহ ২৩ জেলার ২৫টি সেন্টারে নেওয়া হবে পরীক্ষা। পরীক্ষার সময় বেলা ১২টা থেকে দুপুর ২টো ৩০ মিনিট পর্যন্ত। প্রার্থীদের সকাল ১১টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। ৪ জুন থেকে নির্দিষ্ট সরকারি ওয়েবসাইট থেকে ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছে, ওয়েবসাইটের লিংক হল https://psc.wb.gov.in। এই পোর্টালেই পরীক্ষা সংক্রান্ত পরবর্তী যাবতীয় আপডেট মিলবে। বিজ্ঞপ্তিতে অ্যাডমিট ডাউনলোডের সরাসরি লিংকও দেওয়া হয়েছে। WBCS পরীক্ষা পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ A, B, C ও D পদে নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। দুটি ধাপে এই পরীক্ষা হয়। প্রথমে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষারও দু’টি ভাগ রয়েছে, প্রিলিমিনারি ও মেন। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হলে তবেই মেন পরীক্ষায় বসার সুযোগ মেলে। লিখিত পরীক্ষায় পাশ করলে ডাকা হয় পার্সোনালিটি টেস্টে। মেন পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি হয় চূড়ান্ত মেরিট লিস্ট।

দীর্ঘদিন পরীক্ষা না হওয়ায় স্বাভাবিকভাবে হতাশ ছিলেন চাকরিপ্রার্থীরা। নতুন সরকার দায়িত্ব নিয়েই দ্রুত পরীক্ষার দিন ঘোষণা করায় স্বস্তি ফিরেছে তাঁদের মধ্যে। প্রতিশ্রুতি মতো নিয়োগ প্রক্রিয়া শুরু করায় সরকারের ভূমিকার প্রশংসা করছেন অনেকে। ১৪ জুন পরীক্ষা হওয়ার পর এবার নজর থাকবে ফলপ্রকাশ ও পরবর্তী ধাপের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *