US : কলকাতায় আসছেন মার্কিন বিদেশসচিব ! হিলারি ক্লিনটনের পর দেড় দশক পর শহরে রুবিও !
কিউ ইন্ডিয়া বাংলা :- আগামী ২৪ থেকে ২৬ মে দিল্লিতে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর সফর চূড়ান্ত। এই সফরের ফাঁকে একদিনের জন্য তাঁর কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে, তবে শহরে আসার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। ১৪ বছর পর কোনও মার্কিন বিদেশসচিবের কলকাতা সফরের সম্ভাবনা ঘিরে কূটনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
সূত্রের খবর, ২৪, ২৫ ও ২৬ মে দিল্লিতে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেবেন ট্রাম্প প্রশাসনের বিদেশসচিব। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চূড়ান্ত হয়েছে। পাশাপাশি কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের সম্মেলনেও হাজির থাকবেন তিনি। ইরান-ইজরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে এই বৈঠক ও কোয়াড সম্মেলনকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। কূটনীতিকদের মতে, রুবিওর এই ভারত সফর শুধু আঞ্চলিক স্তরেই নয়, বিশ্ব রাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ।
দিল্লির ঠাসা কর্মসূচির মাঝেই রুবিওর একদিনের জন্য কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে বলে কলকাতার মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে। তবে শহরে তাঁর কর্মসূচি কী হবে, কোন দিন আসবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। দূতাবাস সূত্রের খবর, সবটাই এখন সম্ভাবনার স্তরে রয়েছে। চূড়ান্ত দিনক্ষণ পরে স্থির করা হবে। রাজ্যে সদ্যই ক্ষমতার হাতবদল হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানা শেষে শুরু হয়েছে বিজেপি জমানা। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এমন আবহে মার্কিন বিদেশসচিবের সম্ভাব্য কলকাতা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রসঙ্গত, ২০১২ সালে হিলারি ক্লিন্টন যখন কলকাতায় এসেছিলেন, তখন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নবান্নে গিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছিলেন তিনি। বিনিয়োগ, বিদেশ নীতি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছিল দু’জনের মধ্যে। এবার রুবিওর সম্ভাব্য কলকাতা সফর চূড়ান্ত হলে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর আলাদা কোনও বৈঠক হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
দিল্লিতে মার্কো রুবিওর সফরসূচি চূড়ান্ত হলেও কলকাতা সফর এখনও সম্ভাবনার স্তরেই আটকে। ১৪ বছর পর কোনও মার্কিন বিদেশসচিবের শহরে আসার সম্ভাবনা শুধু কূটনৈতিক সৌজন্য নয়, এর পিছনে বিনিয়োগ ও কৌশলগত সম্পর্কের নতুন সমীকরণ থাকতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। দিনক্ষণ চূড়ান্ত হলে ছবিটা আরও স্পষ্ট হবে।
