Commercial Gas : জ্বালানি জ্বালা আরও বাড়ল; জুনের শুরুতে ফের ধাক্কা বাণিজ্যিক গ্যাসের দামে !
কিউ ইন্ডিয়া বাংলা :- নতুন মাসের শুরুতে ফের দাম বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের। এবারও সিলিন্ডার পিছু দাম বাড়াল তেল সংস্থাগুলি। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম সোমবার থেকেই কার্যকর হবে।
মূলত হোটেল, রেস্তরাঁ এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার হয় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস। বছরের শুরু থেকেই লাগাতার বাড়ছে এই সিলিন্ডারের দাম। ১ জানুয়ারি ২০২৬-এ একধাক্কায় ১১১ টাকা বাড়ে। ১ ফেব্রুয়ারিতে বাড়ে আরও ৪৯ টাকা। মার্চে ৩১ টাকা, এপ্রিলে যুদ্ধের আবহে একলাফে ২১৮ টাকা এবং মে মাসে রেকর্ড ৯৯৩ টাকা বাড়ানো হয়েছিল। জুনের শুরুতেও দাম বৃদ্ধি অব্যাহত থাকল। এবার সিলিন্ডার পিছু ৫৩ টাকা ৫০ পয়সা বেড়ে কলকাতায় দাম দাঁড়াল ৩২৫৫ টাকা ৫০ পয়সা।
এই নিয়ে ২০২৬ সালে ছ’বার বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। টানা মূল্যবৃদ্ধির ফলে হোটেল-রেস্তরাঁর খরচ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাব পড়তে পারে খাবারের দামের উপরেও।
তবে গৃহস্থালির ১৪ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রকের দাবি, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও সাধারণ মানুষের উপর যেন প্রভাব না পড়ে, তা নিশ্চিত করতেই সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপর ভিত্তি করেই প্রতি মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম ঘোষণা করে অয়েল মার্কেটিং সংস্থাগুলি। এই মুহূর্তে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম অনেকটাই বেশি। তারই প্রভাব পড়েছে বাণিজ্যিক গ্যাসে।
লাগাতার দাম বাড়ায় চাপে পড়েছে হোটেল-রেস্তরাঁ থেকে শুরু করে ছোট বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি। মাসের পর মাস বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও গৃহস্থালির সিলিন্ডারের দাম না বাড়ায় কিছুটা স্বস্তিতে আমজনতা। তবে বিশ্ব বাজারে অস্থিরতা কাটলে তবেই দাম কমার আশা করা যায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
