আজকের দিনেখেলাভারত

IPL Final-Cricket : বিরাটের ব্যাটে আইপিএল ট্রফি বেঙ্গালুরুর ঘরে, গুজরাটকে হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ফাইনালের মঞ্চে কিং কোহলির রাজকীয় ইনিংস। ১৫৬ রান তাড়া করতে নেমে ৪২ বলে অপরাজিত ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেললেন বিরাট কোহলি। তাঁর ব্যাটে ভর করেই ১২ বল বাকি থাকতে ৪ উইকেটে গুজরাট টাইটান্সকে হারিয়ে আইপিএল ২০২৬ চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আইপিএল ২০২৬-এর ফাইনালে টস জিতে গুজরাট টাইটান্সকে প্রথমে ব্যাট করতে পাঠায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় গুজরাট। দুই ওপেনার সাই সুদর্শন ১২ ও অধিনায়ক শুভমান গিল ১০ রান করে দ্রুত প্যাভিলিয়নে ফেরেন।

পাওয়ারপ্লে-র পরেও রানের গতি বাড়াতে পারেনি টাইটান্স। মিডল অর্ডারে নিশান্ত সান্ধু ২০ ও জোস বাটলার ১৯ রান করে আউট হন। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গুজরাট। মাঝের ওভারগুলিতে বেঙ্গালুরুর নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রান তুলতে হিমশিম খায় তারা।

ব্যাটিং বিপর্যয়ের মুখে দলের ত্রাতা হয়ে ওঠেন ওয়াশিংটন সুন্দর। একপ্রান্ত ধরে রেখে তিনি খেলেন ৩৭ বলে অপরাজিত ৫০ রানের লড়াকু ইনিংস। শেষদিকে আরশাদ খানের ৬ বলে ১৫ রানের ক্যামিও স্কোরবোর্ড সচল রাখে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান তোলে গুজরাট টাইটান্স।

বেঙ্গালুরুর বোলারদের দাপট ছিল চোখে পড়ার মতো। রাশিক সালাম ৩টি উইকেট নিয়ে গুজরাটের মেরুদণ্ড ভেঙে দেন। ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজেলউড দুটি করে এবং ক্রুনাল পান্ডিয়া একটি উইকেট দখল করেন। নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে গুজরাট ।

১৫৬ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই ওপেনার ভেঙ্কটেশ আইয়ার ও বিরাট কোহলি গুজরাটের বোলারদের ওপর চড়াও হন। ভেঙ্কটেশ ১৬ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে দারুণ শুরু এনে দেন। তাঁকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন মহম্মদ সিরাজ।

তবে ভেঙ্কটেশের বিদায়ের পর হঠাৎই ছন্দপতন হয় বেঙ্গালুরুর ইনিংসে। দেবদত্ত পাডিক্কল মাত্র ১ রানে আউট হন। ফাইনালের মঞ্চে ব্যাট হাতে ব্যর্থ হন অধিনায়ক রজত পাতিদারও। ১৩ বলে ১৫ রান করে তিনি প্যাভিলিয়নে ফেরেন। ক্রুনাল পান্ডিয়া ১ রানেই থামেন।

একপ্রান্তে উইকেট পড়তে থাকলেও অন্য প্রান্ত আগলে রাখেন বিরাট কোহলি। একা কুম্ভের মতো লড়াই চালিয়ে যান তিনি। মিডল অর্ডারে টিম ডেভিড ১৭ বলে ২৪ রানের গুরুত্বপূর্ণ ক্যামিও খেলেন। শেষ পর্যন্ত ৪২ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন কিং কোহলি। তাঁকে যোগ্য সঙ্গ দেন জিতেশ শর্মা। জিতেশ ১১ রানে অপরাজিত থাকেন।

শেষ পর্যন্ত ১২ বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু। এই জয়ের সুবাদে আইপিএল ২০২৬ চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনালের মঞ্চে বিরাট কোহলির দায়িত্বশীল ইনিংসই ম্যাচের ভাগ্য গড়ে দিল।

শেষ পর্যন্ত বিরাট কোহলির ব্যাটেই জয় লিখল বেঙ্গালুরু। ১৫৬ রান তাড়া করে ১২ বল বাকি থাকতে ৪ উইকেটে জিতল আরসিবি। কোহলির অপরাজিত ৭৫ রানের ইনিংসে ভর করে টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২৫-এর পর ২০২৬—পরপর দু’বার ট্রফি ঘরে তুলল আরসিবি। গুজরাটের লড়াই থামল ফাইনালেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *