আজকের দিনেখেলাতিলোত্তমা

New Alipore-Coach Asim : নিউ আলিপুরে মহিলাকে উত্যক্তের প্রতিবাদে মার খাওয়া কোচ অসীম মণ্ডলের মানবিকতা, হতদরিদ্র ধৃত রহিতের কাছ থেকে ক্ষতিপূরণ চাইলেন না !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- মহিলার সঙ্গে অশালীন আচরণের প্রতিবাদ করতে গিয়ে তিন দুষ্কৃতীর হাতে নিগৃহীত হয়েও মানবিকতার নজির গড়লেন ডিওয়াইডিএফএ-র কোচ অসীম মণ্ডল। ধৃত হতদরিদ্র যুবকের আর্থিক অবস্থার কথা ভেবে আদালতে কোনও ক্ষতিপূরণ দাবি করলেন না তিনি। ধৃত রহিত মণ্ডলকে ২ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।

শনিবার সন্ধ্যায় নিউ আলিপুরে এক মহিলার সঙ্গে অশালীন আচরণ করছিল তিন যুবক। ঘটনার প্রতিবাদ করেন স্থানীয় ডিওয়াইডিএফএ-র কোচ অসীম মণ্ডল। তখনই তাঁর উপর চড়াও হয় তিন দুষ্কৃতী। বেধড়ক মারধরে রক্তাক্ত হন অসীমবাবু। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মাথায় এগারোটি সেলাই পড়ে।

পুলিশ তদন্তে নেমে তিনজনের মধ্যে একজনকে গ্রেফতার করে। ধৃতের নাম রহিত মণ্ডল। রবিবার তাকে আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক ২ জুলাই অবধি পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

তদন্তে জানা গেছে, ধৃত রহিত মণ্ডল অত্যন্ত হতদরিদ্র। বাবা-মা নেই, দিদার কাছে থাকে। কোনও রোজগারও নেই তার। এই অবস্থার কথা জানার পরই কোচ অসীম মণ্ডল ও তাঁর পরিবার জানিয়ে দেন, এত দরিদ্র মানুষের কাছ থেকে ক্ষতিপূরণ চাওয়ার কোনও অর্থ হয় না। তাই ধৃতের কাছ থেকে কোনও আর্থিক ক্ষতিপূরণ দাবি করছেন না তাঁরা।

মার খেয়ে রক্তাক্ত হয়েও অভিযুক্তের দারিদ্র্যকে সম্মান জানিয়ে ক্ষতিপূরণ না চাওয়ার এই সিদ্ধান্তে কোচ অসীম মণ্ডলের মানবিক মুখ সামনে এল। ঘটনায় বাকি দুই দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালাচ্ছে নিউ আলিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *