আজকের দিনেগরম মাশলা

মুখের স্বাদ বদলাতে ডিনারে বানান ‘এগ পেপার ফ্রাই’, রইল সহজ রেসিপি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,নিউজ ডেস্ক:- রাতের খাবারে রোজকার রুটি-তরকারি বা ডিমের ঝোল খেতে খেতে একঘেয়েমি চলে এসেছে? ডিনারে যদি চটজলদি নতুন কিছু ট্রাই করতে চান, তবে আজই বানিয়ে নিতে পারেন রেস্তোরাঁ স্টাইলের ঝাল-ঝাল ‘এগ পেপার ফ্রাই’ । সাধারণ ডিম সেদ্ধকেই কারিপাতা আর গোলমরিচের ছোঁয়ায় কীভাবে অসাধারণ করে তুলবেন, রইল সেই সহজ রেসিপি

প্রয়োজনীয় উপকরণ:

  • ডিম (সেদ্ধ করা)

  • পেঁয়াজ কুচি ও কারিপাতা

  • আদা-রসুন বাটা

  • গোটা জিরে ও গোটা গোলমরিচ

  • হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও নুন

  • ধনেপাতা কুচি এবং রান্নার তেল

বানানোর পদ্ধতি:

প্রথমে ডিমগুলো নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এবার প্রতিটি ডিম লম্বালম্বি দু’টুকরো করে কাটুন। প্যানে তেল গরম করে নুন, হলুদ ও সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমের টুকরোগুলো দু’পিঠ হালকা লাল করে ভেজে তুলে রাখুন। এরপর শুকনো কড়াইতে গোটা জিরে এবং গোটা গোলমরিচ হালকা ভেজে নিন। ঠাণ্ডা হলে মিক্সিতে বা নোড়ায় তা আধভাঙা (ক্রাশ) করে গুঁড়ো করে সরিয়ে রাখুন। গ্রেভি তৈরি করতে কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালী করে ভাজুন। পেঁয়াজ ভাজা হলে আদা-রসুন বাটা, আগে থেকে তৈরি করে রাখা গোলমরিচ-জিরের গুঁড়ো, নুন, হলুদ এবং এক মুঠো তাজা কারিপাতা দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলা যাতে পুড়ে না যায়, তার জন্য সামান্য জল দিন।মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা ডিমের টুকরোগুলো সাবধানে কড়াইতে দিয়ে দিন, যাতে কুসুম আলগা হয়ে বেরিয়ে না যায়। মশলার সাথে ডিম কিছুক্ষণ হালকা হাতে নাড়াচাড়া করুন। এবার দিন ফিনিশিং টাচ। তার জন্য মশলা ডিমের গায়ে মাখোমাখো হয়ে এলে ওপর থেকে কুচোনো ধনেপাতা ছড়িয়ে দিন। ব্যস, নামিয়ে নিলেই তৈরি গরম গরম সুস্বাদু ‘এগ পেপার ফ্রাই’।

টিপস: এই পদটি গোলমরিচের ঝালেই বেশি ভালো লাগে, তাই রান্নায় লঙ্কার গুঁড়ো শুধু রঙের জন্য সামান্য ব্যবহার করাই ভালো। রাতে গরম গরম রুটি, পরোটা বা রুমালি রুটির সঙ্গে এটি জাস্ট জমে যাবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *