আজকের দিনেতিলোত্তমা

Renaming A Road : রাস্তার নাম বদলে বুদ্ধদেব ভট্টাচার্যকেও সম্মান, কার্তিক মহারাজের কমিটিতে আলোচনা শুরু !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- সোহরাবর্দি অ্যাভিনিউ এখন গোপাল মুখার্জি রোড। এবার কলকাতার আরও রাস্তার নাম বদলের পথে রাজ্য। কোন কোন রাস্তার নাম বদল হবে তা ঠিক করতে কার্তিক মহারাজের নেতৃত্বে ১০ সদস্যের কমিটি গড়ার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ্যে নাম বদলের পরবর্তী ধাপে এবার নজর রাস্তায়। ইতিমধ্যেই সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদলে করা হয়েছে গোপাল মুখার্জি রোড। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই প্রক্রিয়া চলবে ধাপে ধাপে। কোন রাস্তার নাম বদল হবে তা ঠিক করতে কার্তিক মহারাজের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করা হচ্ছে।

কার্তিক মহারাজ বলেন, “আগস্ট মাসে ইতিহাসবিদ ও প্রবীণ নাগরিকদের নিয়ে ১০ জনের কমিটি তৈরি হবে। আমরাই ঠিক করব কোন রাস্তার নাম বদল দরকার।” তিনি জানান, নতুন নামের ক্ষেত্রে ভারতীয় সংস্কৃতি, স্বাধীনতা সংগ্রাম এবং দেশের ইতিহাসের সঙ্গে জড়িত ব্যক্তিত্বদেরই গুরুত্ব দেওয়া হবে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নামে রাস্তা করার বিষয়েও কমিটিতে চিন্তাভাবনা চলছে বলে স্পষ্ট জানিয়েছেন কার্তিক মহারাজ। কোন রাস্তা তাঁর নামে হবে, তা নিয়ে আলোচনা সাপেক্ষ।

কমিটি প্রথমে কলকাতার রাস্তা নিয়ে কাজ শুরু করবে। পরে জেলার পার্শ্ববর্তী এলাকাগুলিতেও হাত দেওয়া হবে। সরকারের যুক্তি, নতুন প্রজন্মের কাছে দেশের প্রকৃত ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরতেই এই উদ্যোগ।

গোপাল মুখার্জি রোড দিয়ে শুরু হওয়া নাম বদলের তালিকায় এবার যুক্ত হতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও। আগস্টে কমিটি গঠনের পরই চূড়ান্ত হবে কোন কোন রাস্তা নতুন পরিচয় পাচ্ছে। আপাতত কমিটির রিপোর্টের দিকেই তাকিয়ে সব মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *