আজকের দিনেখেলা

আফগানদের বিরুদ্ধে প্রথম দিনে ব্যাটিং দাপট ভারতের, জোড়া সেঞ্চুরি রাহুল-গিলের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রথম দিনেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। টস জিতে ব্যাট করতে নেমে গৌতম গম্ভীরের শিষ্যরা আফগান বোলিংকে কার্যত শাসন করলেন। কোচের আস্থার মর্যাদা রাখলেন সাই সুদর্শন, সেঞ্চুরি হাঁকালেন কেএল রাহুল ও অধিনায়ক শুভমন গিল।

গুরুত্বপূর্ণ এই টেস্টে ভারতের হয়ে অভিষেক হয় স্পিনার মানব সুথারের। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমন গিল। ওপেন করতে নেমে যশস্বী জয়সওয়াল ৩২ বলে ২৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপরই ক্রিজে আসেন গম্ভীরের ‘প্রিয় ছাত্র’ সাই সুদর্শন। গুরুত্বপূর্ণ এই টেস্টে প্রথম ইনিংসেই পরীক্ষায় লেটার মার্কস পেয়ে পাশ করলেন তিনি। ১০৪ বল খেলে ৮১ রানের ঝকঝকে ইনিংস খেলেন সুদর্শন। আফগান বোলারদের বিরুদ্ধে তাঁর আত্মবিশ্বাসী ব্যাটিং নজর কেড়েছে। মিডল অর্ডারে ফের আস্থার মর্যাদা রাখলেন কেএল রাহুল। ১৬৫ বলে ১০০ রান করে আউট হন তিনি। এটি রাহুলের টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি। রাহুল ফিরলেও ভারতের দাপট কমেনি। এরপর ক্রিজে নেমে আফগান বোলারদের শাসন শুরু করেন অধিনায়ক শুভমন গিল ও ঋষভ পন্থ। দিনের শেষে গিল ১৭০ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন। এটি তাঁর টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। অন্যদিকে পন্থ ৫০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। আফগান বোলারদের মধ্যে সফল মোহাম্মদ সালিম। তিনি নিয়েছেন ২টি উইকেট। অপর উইকেটটি পেয়েছেন জিয়াউর রহমান।

প্রথম দিনের শেষে ৮৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৬৮ রান তুলেছে ভারত। বড় রানের ভিত গড়ে ফেলেছে গিলের দল। দ্বিতীয় দিনে আরও বড় স্কোর তুলে দ্রুত আফগানিস্তানকে ব্যাটিংয়ে নামানোই এখন টিম ইন্ডিয়ার লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *