Vaibhav Suryavanshi : ইতিহাস গড়লেন ‘ওয়ান্ডার কিড’! ১৫ বছর বয়সেই আইপিএলের অরেঞ্জ ক্যাপ বৈভব সূর্যবংশীর !
কিউ ইন্ডিয়া বাংলা:- রাজস্থান রয়্যালস ফাইনালে না উঠলেও আইপিএল ২০২৬ মাতিয়ে দিল ১৫ বছরের বৈভব সূর্যবংশী। শুভমন গিল, বিরাট কোহলিদের টপকে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে অরেঞ্জ ক্যাপ জিতে নিল এই কিশোর। আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে কমলা টুপির মালিক এখন বৈভব।
ক্যারিয়ারে প্রথমবার পুরো আইপিএল মরশুম খেলেই বাজিমাত করেছে বৈভব। ১৬ ম্যাচে ৭৭৬ রান করেছে সে। গড় ৪৮.৫০, স্ট্রাইক রেট ২৩৭.৩০। এর মধ্যে আছে ১টি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি। দুবার ৯০-এর ঘরে আউট হয়েছে। গোটা টুর্নামেন্টে ৬৩টি চার ও ৭২টি ছক্কা মেরেছে ১৫ বছরের এই ব্যাটার। তার ব্যাটিং দেখে মুগ্ধ ক্রিকেট বিশেষজ্ঞরা। অনেকেই তাকে ভবিষ্যতের সুপারস্টার বলছেন।
এই মরশুমে বৈভবের ধারাবাহিকতা ছিল চোখে পড়ার মতো। হেনরিখ ক্লাসেন, ঈশান কিষান, রুতুরাজ গায়কোয়াড়রা ভালো ফর্মে থাকলেও বৈভবের বিস্ফোরক ব্যাটিংয়ের ধারেকাছে পৌঁছতে পারেননি। পাওয়ারপ্লেতে তার স্ট্রাইক রেট ছিল ২৫০-এর বেশি। স্পিনারদের বিরুদ্ধে প্রতি ওভারে ১২ রানের বেশি তুলেছে সে।
ফাইনালে বৈভবকে টপকানোর সুযোগ ছিল গুজরাটের দুই তারকা শুভমন গিল ও সাই সুদর্শনের। গিল ৭২২ রান নিয়ে ফাইনালে নামেন। তার দরকার ছিল ৫৪ রান। সুদর্শনের ঝুলিতে ছিল ৭১০ রান। অরেঞ্জ ক্যাপ জিততে হলে তাকে করতে হতো ৬৭ রান। কিন্তু চাপের মুখে দুজনেই ব্যর্থ। গিল করেন মাত্র ১০, সুদর্শন ১২। ফলে ১৫ বছর ৬৫ দিন বয়সে অরেঞ্জ ক্যাপ নিশ্চিত করে বৈভব।
এর আগে সবচেয়ে কম বয়সে এই পুরস্কার জয়ের রেকর্ড ছিল সাই সুদর্শনের। গত মরশুমে ২৩ বছর ২৩৭ দিন বয়সে অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন তিনি। সেই রেকর্ড প্রায় ৮ বছর কম বয়সে ভেঙে নতুন ইতিহাস লিখল রাজস্থানের ‘ওয়ান্ডার কিড’।
মাত্র ১৫ বছর বয়সে আইপিএলের মতো বড় মঞ্চে এভাবে জ্বলে ওঠা সহজ নয়। প্রথম মরশুমেই যা করে দেখাল বৈভব, তাতে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা। এবার দেখার, আগামী দিনে আর কত রেকর্ড ভাঙেন এই বিস্ময় বালক।
