Kultali : কুলতলীতে ত্রাণ লুটের অভিযোগ, নেতার আত্মীয়ের ঘরে সরকারি সার-দুর্গা কিটস !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- সুন্দরবনের কুলতলীতে ফের ত্রাণ-দুর্নীতির অভিযোগ। পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হল সরকারি ফার্টিলাইজার ও আমফান পরবর্তী ‘দুর্গা কিটস’। ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।
অভিযোগ, কুলতলী পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু হালদারের জামাইবাবুর বাড়ি থেকে মিলেছে কৃষি দপ্তরের দেওয়া সরকারি সার। পাশের আরেক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয়েছে আমফান পরবর্তী সময়ে দুর্গতদের জন্য সরকারের দেওয়া ‘দুর্গা কিটস’-এর বস্তা।
স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, “আমরা সুন্দরবনবাসী। প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগে সব হারাই। অথচ আমাদের কিছুই দেওয়া হয় না। সব ত্রাণ নেতারাই মেরে দিচ্ছে।” এলাকাবাসীর দাবি, আমফান থেকে শুরু করে পরবর্তী সব দুর্যোগেই ত্রাণ বণ্টনে ব্যাপক দুর্নীতি হয়েছে। গরিব মানুষের জন্য বরাদ্দ সামগ্রী পৌঁছেছে নেতা ও তাদের আত্মীয়দের ঘরে।
ঘটনায় সরব হয়েছেন কুলতলীর বিজেপি প্রার্থী মাধবী মহলদার। তিনি বলেন, “এটা অত্যন্ত লজ্জার বিষয়। কুলতলীর মতো প্রত্যন্ত এলাকার মানুষ সরকারি সাহায্য পায় না। অথচ নেতৃত্ববৃন্দরাই সরকারি ত্রাণ আত্মসাৎ করছে। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীরা শাস্তি পাক।”
এই ঘটনা প্রকাশ্যে আসতেই কুলতলীতে চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। ত্রাণ-দুর্নীতি নিয়ে আগেও একাধিকবার সরব হয়েছেন সুন্দরবনবাসী। এবার দোষীদের শাস্তি হয় কি না, সেদিকেই তাকিয়ে গোটা এলাকা।
