Brutal Attack-London : লন্ডনের মাটিতে নৃশংস হামলা ! ছুরির আঘাতে প্রাণ গেল ২৬ বছরের ভারতীয় বংশোদ্ভূত গুরভেজ সিংয়ের !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বিদেশের মাটিতে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হল ভারতীয় এক যুবক। লন্ডনের পশ্চিমাংশে সাউথহলে ২৬ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত যুবক গুরভেজ সিংকে ছুরির আঘাতে কুপিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার, বন্ধু-বান্ধব এবং স্থানীয় ভারতীয়দের মধ্যে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাউথহলের ডর্মার্স ওয়েলস লেন এবং নর্থ রোডের সংযোগস্থলের কাছে গুরভেজের উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। আচমকা এই হামলায় গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে আরও এক আহত যুবককে উদ্ধার করা হয়েছে।তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাঁর পরিচয় এবং ঘটনার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে এখনও কোন তথ্য পাওয়া যায়নি।
সবচেয়ে বড় প্রশ্ন, কেন এই হামলা? ব্যক্তিগত শত্রুতা,নাকি অন্য কোনও কারণ— তা নিয়েই খতিয়ে দেখছে তদন্তকারীরা। পুলিশ ইতিমধ্যেই আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা শুরু করেছে। ঘটনার পর সন্দেহভাজন সাতজনকে আটক করা হলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে, ফলে তদন্ত আরও জটিল হয়ে উঠেছে।গুরভেজ সিংয়ের অকাল মৃত্যুতে তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে দ্রুত ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে এবং গুরভেজের মৃত্যুর ন্যায়বিচার এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে।
