আরও ১ বছরের নিষেধাজ্ঞা বাড়াল মেয়োনিজের উপর
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা:- মেয়োনিজ় উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং, সংরক্ষণ, পরিবহন, বিতরণ এবং বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা বাড়াল তামিলনাড়ু সরকার। এর আগে গত বছর ৮ এপ্রিল এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। চলতি বছর ৮ এপ্রিল থেকেই সেই নিষেধাজ্ঞা আরও এক বছরের জন্য বাড়ানো হয়েছে।
কেন এই নিষেধাজ্ঞা?
এর সঙ্গে জড়িয়ে আছে স্বাস্থ্যের ভালো-মন্দ। সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানায় সরকার। কাঁচা ডিম থেকে তৈরি মেয়োনিজ়ে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, বিশেষ করে সালমোনেলা সংক্রমণের আশঙ্কা বেশি থাকায় এই সিদ্ধান্ত। এই নিষেধাজ্ঞাটি জনস্বাস্থ্য রক্ষার উদ্দেশ্যে ২০০৬ সালের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্টের ৩০(২)(এ) ধারার অধীনে কার্যকর করা হয়।
এর থেকে কি ক্ষতি হতে পারে?
কাঁচা ডিম দিয়ে তৈরি মেয়োনিজ়কে ‘হাই রিস্ক ফুড’ বা উচ্চ ঝুঁকি সম্পন্ন খাবার হিসেবে বিবেচনা করা হয়। এই খাদ্য উপাদান ক্ষতিকর ব্যাকটেরিয়া দ্বারা দূষিত হওয়ার সম্ভাবনা থাকে।
সালমোনেলা টাইফিমুরিম, সালমোনেলা এন্টারাইটিডিস, ই. কোলাই এবং লিস্টেরিয়া মনোসাইটোজেনেস-এর মতো জীবাণু থাকতে পারে বলে আশঙ্কা।
খাদ্য নিরাপত্তা দপ্তর আরও জানিয়েছে, অনেক খাদ্য ব্যবসায়ী সঠিক স্বাস্থ্যবিধি বা সংরক্ষণ পদ্ধতি না মেনে এই ধরনের মেয়োনিজ় বানাচ্ছেন। যা ব্যাকটেরিয়া বৃদ্ধির ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায় এই ঝুঁকি বেশি থাকে।
কী কী প্রভাব পড়ে শরীরে?
• সালমোনেলা সংক্রমণে সাধারণত ডায়রিয়া, জ্বর, পেটব্যথা, বমি ইত্যাদি উপসর্গ দেখা যায়। বহু ক্ষেত্রে শরীরের ডিহাইড্রেশন বেড়ে যেতে পারে, যা বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য বিপজ্জনক।
• ই. কোলাই সংক্রমণ পেটের তীব্র ব্যথা, রক্তমিশ্রিত ডায়রিয়া এবং কিডনির জটিলতা (হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম) সৃষ্টি করতে পারে। এই রোগ গুরুতর হলে, প্রাণঘাতীও হতে পারে।
• লিস্টেরিয়া সংক্রমণের প্রভাবও মারাত্মক। এর ফলে জ্বর, পেশিতে ব্যথা, মাথাব্যথা ও স্নায়ুতন্ত্রের সমস্যা হতে পারে। অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে এটি গর্ভপাত, প্রি-ম্যাচিউর ডেলিভারি বা নবজাতকের সংক্রমণের মতো সাঙ্ঘাতিক ক্ষতির কারণ হতে পারে। যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাঁদের ভয় আরও বেশি।
• নিয়মিত কাঁচা ডিম খাওয়ার অভ্যেস শরীরের জন্য মোটেও ভালো নয়। বিশেষ করে যাঁদের অ্যালার্জি রয়েছে, তাঁদের জন্য আরও ক্ষতিকর। রান্না করা ডিমের তুলনায় কাঁচা ডিম খেলে, তাতে অ্যালার্জি দ্রুত ট্রিগার হয়।
