বারুইপুরে মিড-ডে মিলে অনিয়ম, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা দিলেন গ্রামবাসীরা
কিউ ইন্ডিয়া বাংলা,নিজস্ব প্রতিনিধি :- মিড-ডে মিলের খাবার ঠিকমতো না দেওয়ার অভিযোগে বারুইপুরের সাউথ গড়িয়া গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝোলালেন গ্রামবাসীরা। মঙ্গলবার সকালে ওরঞ্চ প্রাইমারি স্কুল সংলগ্ন ২২৪ নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারে ঘটনাটি ঘটে। হেল্পারের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে খাবার না দেওয়ার অভিযোগ উঠেছে।
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সেন্টারে মিড-ডে মিলের খাবার ঠিকমতো দেওয়া হয় না। কয়েক মাস আগে শান্তি কুন্ডু নামে নতুন দিদিমণি যুক্ত হয়েছেন। তাঁর দাবি, তিনি মিড-ডে মিলের খাবার সঠিকভাবে পরিবেশন করতে চাইছেন। কিন্তু হেল্পার তথা রান্নার দায়িত্বে থাকা রেবা নস্কর তা করতে দিচ্ছেন না। স্থানীয়দের আরও অভিযোগ, রেবা নস্কর তৃণমূল কর্মী। আগের দিদিমণি সব সহ্য করলেও বর্তমান দিদিমণি খাবার পরিবেশনে জোর দেওয়ায় সমস্যা তৈরি হয়েছে। রান্নার দায়িত্বে থাকা ওই মহিলা ইচ্ছাকৃতভাবে খাবার দিচ্ছেন না বলে অভিযোগ। মঙ্গলবার সকালে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। গ্রামের মানুষজন হেল্পার বদলের দাবি জানান। সেই দাবিতেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। এলাকাবাসীর বক্তব্য, শিশুদের খাবার নিয়ে এই অনিয়ম মেনে নেওয়া যায় না। তাঁরা অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপ চাইছেন।
বারুইপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড-ডে মিল নিয়ে বিক্ষোভের ঘটনায় এখনও প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। শিশুদের খাবার বন্ধ থাকায় চিন্তায় অভিভাবকরা।
