জমি দখল ও অবৈধ নির্মাণ মামলা, সোনা পাপ্পুকে ১০ দিনের হেফাজতে চাইলো ইডি
কিউ ইন্ডিয়া বাংলা: – জাল নথির মাধ্যমে জমি দখল এবং অবৈধ নির্মাণের অভিযোগে সোমবার বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে গ্রেপ্তার করেছে ইডি। মঙ্গলবার তাঁকে কলকাতার বিশেষ ইডি আদালতে হাজির করিয়ে ১০ দিনের হেফাজত চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও এই আবেদনের বিরোধিতা করেছেন সোনা পাপ্পুর আইনজীবী। বিচারক এখনও কোনও নির্দেশ দেননি।
ইডি সূত্রে খবর, এক মাসে চারবার নোটিস দেওয়ার পরেও হাজির হননি সোনা পাপ্পু। সোমবার বেলা ১১টা নাগাদ স্ত্রীকে নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আসেন তিনি। সেখানে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।আদালতে ইডির অভিযোগ, সিন্ডিকেট বাহিনী নিয়ে নিরীহ মানুষের জমি-সম্পত্তি জোর করে দখল করতেন সোনা পাপ্পু। কেউ থানায় অভিযোগ করলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হত। দখল করা জমিতে অবৈধ নির্মাণের কাজ করতেন ব্যবসায়ী জয় কামদার। ইডির দাবি, শান্তনু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পু এবং জয় কামদার মিলে একটি চক্র গড়ে তুলেছিলেন। প্রতিটি ক্ষেত্রে মোটা টাকার লেনদেন হয়েছে। সোনা পাপ্পুর আয়ের সঙ্গে সঙ্গতিহীন বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। তল্লাশির সময় তাঁর বাড়ি থেকে একটি বিদেশি পিস্তলও পাওয়া গেছে। কয়েক মাস আগে গোলপার্কের কাছে গুলি-বোমাবাজির ঘটনাতেও তাঁর নাম জড়িয়েছিল।এই মামলায় কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস এবং ব্যবসায়ী জয় কামদার আগেই গ্রেপ্তার হয়েছেন।সোনা পাপ্পুর আইনজীবী ইডির সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, জোর করে জমি দখলের কোনও অভিযোগ পুলিশে দায়ের হয়নি। সোনা পাপ্পু ব্যবসায়ী। ফলে বাড়ি থেকে নগদ উদ্ধার নিয়ে ইডির বক্তব্যের অর্থ নেই। বেআইনি লেনদেনেরও কোনও প্রমাণ তদন্তকারীরা দেখাতে পারেননি।
দু’পক্ষের সওয়াল-জবাব শেষ হয়েছে। তবে সোনা পাপ্পুকে ইডি হেফাজতে দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও কোনও নির্দেশ দেননি বিচারক। মামলার পরবর্তী নির্দেশের দিকে তাকিয়ে সব পক্ষ।
