WB-Bhangar : ভোট মিটলেও শান্তি নেই ভাঙ্গরে ! এবার উদ্ধার হল তাজা বোমা !
কিউ ইন্ডিয়া বাংলা:-ভোট পর্ব শেষ হয়েছে পশ্চিমবঙ্গে। গতকালই শেষ হয়েছে দ্বিতীয় এবং শেষ দফার নির্বাচন। ২৯ এপ্রিল বিধানসভা ভোট শেষ হলেও, বোমা উদ্ধার হওয়া শেষ হয়নি এই রাজ্যে। ভোটের পরেও ভাঙ্গর থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে ভাঙ্গরের উত্তর কাশীপুর থানা এলাকায় ভোগালি ১ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বোমা উদ্ধার করা হয়েছে ২৯ এপ্রিলের দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনের পর।
সূত্রের খবর, ভাঙ্গর দুই নম্বর ব্লকের ভোগালি ১ নম্বর অঞ্চলের আলাকুলিয়া এলাকায় চাষের জমি থেকে ৭ টি তাজা বোমা উদ্ধার করেছে উত্তর কাশিপুর থানার পুলিশ। পুলিশ প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায় হঠাৎই সবজি চাষের জমিতে গ্রামবাসীরা দেখতে পায় দুটি ব্যাগে বোমা রয়েছে। দ্রুত খবর দেওয়া হয় উত্তর কাশিপুর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুটি ব্যাগ থেকে মোট সাতটি বোমা উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
প্রসঙ্গত বোমা উদ্ধার এর ঘটনাকে কেন্দ্র করে ভাঙ্গর ভোটের আগেও শিরোনামে এসেছে। সেই ঘটনায় NIA তদন্ত চলছে। নির্বাচনের পরের দিন আবার বোমা উদ্ধার হওয়ায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
