আজকের দিনেতিলোত্তমা

টুটু বসুসহ প্রয়াতদের শ্রদ্ধাজ্ঞাপনে স্তব্ধ বিধানসভা,২২ জুনের বাজেট ঘিরে বাড়ছে প্রত্যাশা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে এক আবেগঘন পরিবেশের সাক্ষী থাকল রাজ্য রাজনীতি। অধিবেশনের শুরুতেই প্রয়াত বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সেই তালিকায় ছিলেন মোহনবাগান রত্ন ও বিশিষ্ট ক্রীড়া প্রশাসক স্বপন সাধন বসু যিনি টুটু বসু নামেই পরিচিত ছিলেন।

বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু শোকপ্রস্তাব পাঠ করে টুটু বসুর দীর্ঘ কর্মজীবন, সমাজে তাঁর অবদান এবং সংবাদমাধ্যম ও ক্রীড়া জগতের সঙ্গে তাঁর সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি স্মরণ করিয়ে দেন যে টুটু বসু শুধু একজন সফল সংগঠকই ছিলেন না বরং বাংলা সংবাদপত্র জগতেরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তাঁর নেতৃত্বে মোহনবাগান ক্লাব নতুন উচ্চতায় পৌঁছেছিল এবং ক্রীড়া সংগঠনে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।

স্পিকারের আহ্বানে সাড়া দিয়ে বিধানসভার সমস্ত সদস্য উঠে দাঁড়ান এবং নির্দিষ্ট সময় পর্যন্ত নীরবতা পালন করে প্রয়াতদের প্রতি সম্মান জানান। এদিন টুটু বসুর পাশাপাশি প্রাক্তন রাজনীতিক প্রয়াত মুকুল রায়, আবু হাসেম খান চৌধুরী, সুধাংশু শীল, কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে, লোকসঙ্গীত শিল্পী মঙ্গলকান্ত রায়, গায়িকা সুমন কল্যাণপুর, ড. মণী ছেত্রী, শুটার গুরুবক্স সিং দেওয়াল, রাজা রণবীর সিং ও যশপাল রানা, চিত্র সাংবাদিক রঘু রায়, ফুটবলার মোহন সিং, তবলা বাদক সাবির খান, বাস্কেটবলার জেধিফা পেজ, চলচ্চিত্র পরিচালক অনিক দত্ত এবং অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধাজ্ঞাপন পর্ব শেষ হওয়ার পর অধিবেশন দিনের মতো মুলতুবি রাখা হয়। তবে রাজনৈতিক মহলের নজর এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রথম রাজ্য বাজেটের দিকে।আগামী ২২ জুন রাজ্য সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ হওয়ার কথা রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী ওই দিন দুপুর ১২টায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিধানসভায় বার্ষিক আর্থিক বিবৃতি উপস্থাপন করবেন। সেই বাজেটকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জল্পনা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *