আইএসএস জঙ্গিদের ঘাঁটিতে অভিযান তালিবান সরকারের! বিবৃতি দেয়নি পাকিস্তান
কিউ ইন্ডিয়া বাংলা- আফগানিস্তানের তালিবান সরকারের দাবি, তারা পাকিস্তানের অভ্যন্তরে আইএসআইএস-এর জঙ্গিদের আস্তানায় অভিযান চালিয়েছে। কাবুলের মতে, এই পদক্ষেপ ছিল সীমান্তবর্তী অঞ্চলে আইএসআইএসের ক্রমবর্ধমান তৎপরতা এবং আফগান ভূখণ্ডে হামলার পরিকল্পনার জবাব। তবে পাকিস্তান এখনও পর্যন্ত এই দাবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।
সম্প্রতি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে নিরাপত্তা ইস্যুতে উত্তেজনা বেড়েছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগান ভূখণ্ডে আশ্রয় নিয়ে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) তাদের দেশে হামলা চালায়। অন্যদিকে কাবুল পাল্টা অভিযোগ করেছে যে পাকিস্তানের কিছু এলাকায় আইএসআইএস-খোরাসানের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। তারা আফগানিস্তানের নিরাপত্তার জন্য একটা হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
বিশ্লেষকদের মতে, আফগানিস্তানের এই দাবি যদি সত্য হয়, তাহলে এটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। যা রাজনৈতিক দিক দিয়ে তাৎপর্যপূর্ণ।
কারণ এতদিন পাকিস্তানই সীমান্ত পেরিয়ে জঙ্গি ঘাঁটিতে হামলার দাবি জানিয়ে এসেছে, এবার কাবুল নিজেই পাকিস্তানের ভিতরে ঢুকে অভিযান চালানোর কথা বলছে। সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তজুড়ে সংঘর্ষ, বিমান হামলা এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগের ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
আঞ্চলিক নিরাপত্তা বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি এই ধরনের সীমান্তপারের সামরিক অভিযান অব্যাহত থাকে, তাহলে দক্ষিণ ও মধ্য এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল আকার নেবে। একই সঙ্গে আইএসআইএস, টিটিপি এবং অন্যান্য জঙ্গি সংগঠনকে ঘিরে আফগানিস্তান-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন নতুন মাত্রা পেতে পারে।
